
নওগাঁর মহাদেবপুরে খড়বোঝাই একটি ট্রাক সড়কের পাশের খাদে পড়ে চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে রানীপুকুর এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে আজ সকাল ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার আবদুল জলিল শিশুপার্ক এলাকায় পৃথক দুর্ঘটনায় পিকআপের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
নিহত ট্রাকচালকের নাম সুমন মিয়া। তিনি গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্রামের বাসিন্দা। তবে তাঁর সহযোগীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শিশুপার্ক এলাকায় নিহত পথচারীর নাম আবুল কাশেম (৬৫)। তাঁর বাড়ি নওগাঁ সদর উপজেলার শৈলগাছী গ্রামে।
ভীমপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আকবর হোসেন জানান, খড়বোঝাই ট্রাকটি গাইবান্ধা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। ভোর ৪টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় গিয়ে ট্রাকটির নিয়ন্ত্রণ হারান চালক। এটি থামাতে প্রথমে রাস্তার পাশের গাছে ধাক্কা দেওয়া হয়। পরে একেবারে খাদে পড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই চালক ও তাঁর সহকারীর মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুজনের মধ্যে চালকের নাম–পরিচয় পাওয়া গেলেও সহকারীর নাম–পরিচয় পাওয়া যায়নি। তাঁর নাম–পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহত ট্রাকচালকের নাম সুমন মিয়া (৪০)।
আরেক দুর্ঘটনার বিষয়ে নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক আবু তাহের বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে শহরের আবদুল জলিল শিশুপার্ক এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে পিকআপের ধাক্কায় আবুল কাশেমের মৃত্যু হয়েছে।