গল্প-আড্ডায় উৎসবমুখর কসবার জমশেরপুর উচ্চবিদ্যালয়ের শত বছর পূর্তির আয়োজন

শত বছর পূর্তি উৎসবে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। গতকাল শনিবার ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের জমশেরপুর উচ্চবিদ্যালয় মাঠে
ছবি: প্রথম আলো

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের জমশেরপুর উচ্চবিদ্যালয়ের শত বছর পূর্তি উপলক্ষে হয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও উৎসব। গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী গল্প, আড্ডা, গানে প্রাণবন্ত সময় কেটেছে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের। বন্ধু ও সহপাঠীদের সঙ্গে ছবি তুলে স্মৃতিবন্দী করে রেখেছেন তাঁরা।

শত বছর পূর্তি উপলক্ষে আশপাশের এলাকাতেও উৎসবের আমেজ ছাড়ায়। ১৯৫০ খ্রিষ্টাব্দ থেকে সর্বশেষ ২০২২ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধন করেন। বর্তমান শিক্ষার্থীরাও নিবন্ধন করেছে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী মিলে ২ হাজার ২০০ অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধন করেন। প্রকাশিত হয়েছে স্মরণিকা। গান-বাজনা আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে গতকাল রাতে আয়োজন শেষ হয়।

বিদ্যালয়ের ৮৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মাহিনা ফাতেমা বলেন, ‘আমার বয়স ৫০ বছরের বেশি। বিদ্যালয়টিতে এসে পুরোনো বন্ধু-বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে মনে হয়েছে আমার বয়স এখন ১৬ বছর।’

৯৪ ব্যাচের শিক্ষার্থী কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী (উপসচিব) মো. সফিকুল ইসলাম বলেন, ‘পুরোনো বন্ধু-বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছি। বন্ধুদের সঙ্গে পুরোনো স্মৃতিচারণা করেছি। সেই সঙ্গে ফটোসেশন করে স্মৃতি ধরে রাখলাম।’

শত বছর উদ্‌যাপন কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি ১৯২৩ সালে মাধ্যমিক মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই ভালো ফল করতে থাকে। পরে ১৯৬৬ সালে মাদ্রাসা থেকে মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করা হয়। নামকরণ করা হয় জমশেরপুর উচ্চবিদ্যালয়। শত বছর উপলক্ষে গতকাল সকালে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর প্রাক্তন শিক্ষার্থী, অনুষ্ঠানের আহ্বায়ক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নাছিরুল আলম সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, একটি বিদ্যালয়ের এক শ বছর বারবার আসে না। আজকের দিনটি স্মরণীয় ও গর্বের। বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পর শিক্ষাব্যবস্থাকে উন্নতি করতে এ রকম প্রতিষ্ঠানই চেয়েছিলেন। বিদ্যালয়টি থেকে হাজার হাজার কৃতী শিক্ষার্থী বের হয়েছেন। যাঁরা আজকে উচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছেন। বর্তমান শিক্ষার্থীরা তাঁদের অনুসরণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।

সেলফি তোলায় ব্যস্ত প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের জমশেরপুর উচ্চবিদ্যালয় মাঠে

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মো. বদিউল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, বিদ্যালয়ের ৭৬ ব্যাচের প্রাক্তন ছাত্র ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহ আলম, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, প্রাক্তন ছাত্র মীর্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ছিদ্দিকা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবদুল আজিজ, কসবা পৌরসভার সাবেক মেয়র মো. এমরান উদ্দিন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক আলী আমজাদ হোসেন প্রমুখ।

সভাপতির ভাষণে নাছিরুল আলম বলেন, ‘অনেকের সঙ্গে অনেক দিন ধরে দেখা নেই। এই আয়োজনে পুরোনো বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। তাঁদের পেয়ে পুরোনো স্মৃতি মনে পড়ছে।’

অনুষ্ঠান মঞ্চে প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল শনিবার জমশেরপুর উচ্চবিদ্যালয় মাঠে

বিকেলে ছিল স্মৃতিচারণামূলক অনুষ্ঠান ‘স্মৃতির পাতায় আমাদের স্কুল’। এতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ও বিদ্যালয় পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা স্মৃতিচারণা করেন। এরপরই সবাই সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতেছিলেন। বিদ্যালয়টির প্রধান শিক্ষক আলী আমজাদ বলেন, অনেক চেষ্টার পর এক শ বছর পূর্তি উদ্‌যাপন করা হলো। সবাই মিলে খুব আনন্দ করে দিনটি কেটেছে।

বিদ্যালয়টির ৭৬ ব্যাচের শিক্ষার্থী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহআলম বলেন, এ বিদ্যালয়ে পড়াশোনা করে এসএসসি পাস করেছেন। দীর্ঘদিন পর বিদ্যালয়টিতে এসেছেন। সেখানে পুরোনো বন্ধু-বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছে। ফটোসেশন করেছেন। মনে হয়েছে আবারও তাঁরা শিক্ষার্থী হয়ে গিয়েছিলেন।