
সামাজিক যোগাযোগমাধ্যমে নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও গোপনে ছবি ধারণের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় জড়িত আরও আট শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম সরকার।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে রুয়েটের ডিসিপ্লিনারি অর্ডিন্যান্সের ৬ নম্বর ধারায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধান অভিযুক্ত সুমন মজুমদার কম্পিউটার প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া সহযোগিতার অভিযোগে তিন শিক্ষার্থীকে তিন শিক্ষাবর্ষের জন্য এবং উসকানির অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে।
অভিযুক্ত আটজনকে আজীবনের জন্য আবাসিক হল থেকেও বহিষ্কার করা হয়েছে। তাঁদের কাউকে চারিত্রিক সনদ (ক্যারেক্টার সার্টিফিকেট) দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত হয়েছে।
ছাত্রকল্যাণ পরিচালক রবিউল ইসলাম সরকার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীসহ সব শিক্ষার্থীর নিরাপত্তা ও মর্যাদা আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বের। অভিযোগ পাওয়ার পরপরই প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পাসে এ ধরনের আচরণের কোনো স্থান নেই।’
এর আগে অভিযোগের বিচারপ্রক্রিয়ায় বিলম্বের প্রতিবাদে কম্পিউটার প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন। তাঁদের অভিযোগ ছিল, তদন্তের ফল প্রকাশে বিলম্ব হওয়ায় ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরে প্রশাসন নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশের আশ্বাস দেয়।