
আওয়ামী লীগ নেতা–কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। তাঁরা দুই প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছেন দলের স্বতন্ত্র প্রার্থী। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতা–কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। তাঁরা দুই প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এতে নির্বাচনের মাঠ সরব হয়ে উঠেছে।
তবে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, তাঁর কর্মীদের প্রচারণায় বাধা ও ভয় দেখানো হচ্ছে। তবে আওয়ামী লীগের প্রার্থী এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এই আসনে ২০০৮ সাল থেকে টানা তিনবার জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মকবুল হোসেন। এবারও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। নির্বাচনে বিএনপি না থাকায় তিনি এবারও সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
প্রার্থী হিসেবে আরও আছেন ন্যাশনাল পিপলস পার্টি, জাতীয় পার্টি, জাসদ ও দুজন স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল হামিদ। সংসদ নির্বাচনে প্রাথী হতে তিনি চাটমোহর উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়েছেন।
গত সোমবার নির্বাচনী এলাকার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা ঘুরে দেখা গেছে, প্রতিটি এলাকাই নৌকা ও দলের বিদ্রোহী প্রার্থীর ট্রাক প্রতীকের পোস্টারে ছেয়ে আছে। কিছু এলাকায় জাতীয় পার্টির একটি–দুটি ব্যানার চোখে পড়ে। তবে কোনো পোস্টার নেই। অন্য কোনো দলের কোনো পোস্টার–ব্যানার কিছুই চোখে পড়েনি।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৮ ডিসেম্বর অনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর আওয়ামী লীগের প্রার্থী ও দলের স্বতন্ত্র প্রার্থী মাঠে সরব রয়েছেন। দুজনের পক্ষেই ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। আওয়ামী লীগের প্রার্থী মকবুল হোসেন সুবিধাজনক অবস্থানে আছেন। তবে এবারের নির্বাচনে আঞ্চলিক একটি ফ্যাক্টর কাজ করতে পারে। মকবুল হোসেনের বাড়ি ভাঙ্গুড়া উপজেলায়। টানা তিনবার তিনি সংসদ সদস্য। দলের নেতা-কর্মীদের মধ্যে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব–নিকাশ রয়েছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী আবদুল হামিদের বাড়ি চাটমোহর উপজেলায়। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ভোটের হিসাবে ভাঙ্গুড়া ও ফরিদপুর মিলে যে ভোট রয়েছে, তার চেয়ে বেশি ভোট চাটমোহর উপজেলায়। ফলে স্বতন্ত্র প্রার্থী নিজের এলাকার ভোটে বেশি গুরুত্ব দিচ্ছেন।
চাটমোহর বাজারে কথা হয় উপজেলার মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, গত ১৫ বছরে চাটমোহরবাসীর পাওয়া না–পাওয়ার হিসাব–নিকাশ আছে। তাই তাঁরা এবার ভোটের বিষয়ে ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেবেন।
ভাঙ্গুড়া বাজারে কথা হয় ব্যবসায়ী আবদুল খালেকের সঙ্গে। তিনি বলেন, ভোটের মাঠে অন্য কোনো প্রার্থী নেই। যাঁরা ভোট চাচ্ছেন, তাঁরা দুজনই আওয়ামী লীগের। ভোট শেষ হলে তাঁদের মিল হয়ে যাবে। তাই ভোট নিয়ে সাধারণ মানুষের উৎসাহ কম মনে হচ্ছে।
চাটমোহর উপজেলার জার্জিস মোড় থেকে ভ্যানচালক খয়ের উদ্দীন বলেন, ‘আমরা দলটল বুঝিনে, সুষ্ঠু ভোট চাই। সুষ্ঠু ভোট হলি ভোট দিবের যাবো, নাহলি যাবোনানে।’
সুষ্ঠ ভোট নিয়ে এই আশঙ্কা আছে স্বতন্ত্র প্রার্থী আবদুল হামিদের। তিনি বলেন, ‘বর্তমান সংসদ সদস্যের কুতুবদের (অনুসারী) কাছে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরের মানুষ নির্যাতিত। তিনি গুটিকয় মানুষ নিয়ে চলেন। দলীয় নেতা-কর্মীরা তাঁর কাছে বঞ্চিত। তাই সবার চাওয়ায় ও দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রার্থী হয়েছি। কিন্তু পদে পদে বাধান সম্মুখীন হচ্ছি। গুন্ডাবাহিনী দিয়ে আমার নেতা–কর্মীদের ভয় দেখানো হচ্ছে। পোস্টার ছেড়া, কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাই সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় আছি। সুষ্ঠু ভোট হলে আশা করছি, ৭০ শতাংশ মানুষ ভোটকেন্দ্রে যাবেন, ভোট দেবেন।’
এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মকবুল হোসেন বলেন, ‘কাউকে ভয় দেখানোর প্রশ্নই আসে না। প্রচারণা শুরুর পর থেকেই আমি নেতা-কর্মীদের আচরণবিধি মেনে চলার নির্দেশ দিয়েছি, তাঁরা যেন সেসব নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। এই এলাকা চলনবিল অধ্যুষিত কৃষিপ্রধান। আমি কৃষকের উন্নয়নে যে কাজ শুরু করেছি, এলাকার মানুষ সে কাজ শেষ করতেই আমাকে সমর্থন দিচ্ছেন। কেউ মিথ্যা অভিযোগ দিয়ে ভোটারদের থামাতে পারবেন না।’