বক্তব্য জানতে চাওয়ায় হামলা

শরীয়তপুরে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচিতে অনিয়ম, তদন্ত কমিটি গঠন

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নে ‘অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি’ নিয়ে অনিয়মের অভিযোগ তদন্ত করছে জেলা প্রশাসন। প্রকল্পটির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আংগারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের চরচটাং গ্রামে ‘অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি’র বাস্তবায়ন কমিটির সভাপতি ইউপি সদস্য গিয়াস উদ্দিন। তাঁর বিরুদ্ধে শ্রমিকের তালিকায় পরিবারের সদস্যদের নাম দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ৪ ডিসেম্বর প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘অতিদরিদ্রদের তালিকায় ইউপি সদস্যর স্ত্রী, সন্তান, পুত্রবধূ, ভাই-ভাতিজাসহ ১১ স্বজন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রকল্পটির অনিয়মের বিষয়ে জানতে কয়েকজন সাংবাদিক গত রোববার ওই ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারের কাছে গেলে তিনি উত্তেজিত হয়ে তাঁদের ওপর হামলা করেন। এ ঘটনার পর সাংবাদিকদের পক্ষ থেকে পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আর ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করার দাবিতে শরীয়তপুর প্রেসক্লাব থেকে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, অতিদরিদ্রদের কর্মসংস্থানের প্রকল্পের কাজ বিভিন্ন স্থানে চলছে। নীতিমালায় রয়েছে উপকারভোগী ব্যক্তিদের দরিদ্র হতে হবে এবং এক পরিবারের একাধিক সদস্য প্রকল্পের সুবিধা নিতে পারবেন না।

ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র আরও বলেন, গণমাধ্যমে একটি প্রকল্পের অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাৎক্ষণিক প্রকল্পটির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান উপজেলা প্রকৌশলী। জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দাখিল করা হবে। তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন।

এ বিষয়ে জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, অতিদরিদ্রদের অভাব দূর করতে সরকার বিভিন্ন প্রকল্প দিয়েছে। তা নিয়ে কেউ নয়ছয় করলে তাকে ছাড় দেওয়া হবে না। আংগারিয়া ইউনিয়নের প্রকল্প নিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির কাজ শুরু হয়েছে। আংগারিয়া ইউনিয়নে ৬৮ শ্রমিকের অনুকূলে ১১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যার মধ্যে ২ নম্বর ওয়ার্ডের চরচটাং গ্রামে ১৪ জন শ্রমিক দিয়ে একটি মাটির রাস্তা সংস্কারের কাজ চলছে। ওই প্রকল্পের সভাপতি ইউপি সদস্য গিয়াস উদ্দিন। সেখানে শ্রমিকের নামের তালিকায় ইউপি সদস্যর স্ত্রী নাছিমা বেগম, ছেলে আলিমুল হক, মেয়ে সোনিয়া বেগম, ছেলের স্ত্রী হালিমা আক্তার, ভাই আবু সিদ্দিক, ছেলের শাশুড়ি, শ্যালিকাসহ ১১ স্বজনের নাম রয়েছে। তাঁদের নামের বিকাশ নম্বরে (মোবাইল ব্যাংকিং) মজুরি বাবদ টাকা দেওয়া হচ্ছে।