
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের ছাদ, শৌচাগার ও পানির লাইন সংস্কার এবং ইন্টারনেট সংযোগ নিশ্চিত করাসহ বেশ কিছু দাবিতে প্রাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে সকাল ১০টার দিকে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা তালা খুলে দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, হলের প্রতিটি তলায় দীর্ঘ সময় ধরে পানি জমে থাকে। এ ছাড়া শৌচাগারের ছাদ থেকে পানি পড়ে, ছাদের পলেস্তারা খসে পড়েছে। পানিতে আয়রন বেশি থাকায় গোসলও করা যায় না। এর বাইরে হলের পর্যাপ্ত ইন্টারনেট সরবরাহ না থাকায় নানান ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। এ কারণে তাঁরা হলে তালা দিয়ে প্রতিবাদ করেছেন।
জানতে চাইলে রাজনীতিবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা অনেকবার হল সংস্কারের দাবিতে প্রভোস্টের (প্রাধ্যক্ষ) সঙ্গে কথা বলেছি। কিন্তু তিনি বিষয়গুলো সুরাহা করতে পারেননি। তাই বাধ্য হয়ে তালা দিয়ে বিক্ষোভ করেছি।’
জানতে চাইলে আলাওল হলের আবাসিক শিক্ষক মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, এই হলে অনেক ধরনের সমস্যা রয়েছে। তবে যে পরিমাণ বাজেট অনুমোদন পাওয়া যায়, সেটি পর্যাপ্ত নয়। এই হলের পুরো অবকাঠামো সংস্কারের প্রয়োজন রয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।
এদিকে সকাল ১০টার দিকে সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মো. শামীম উদ্দিন খানের আশ্বাসে শিক্ষার্থীরা তালা খুলে দেন। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলে, শিক্ষার্থীদের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁরা যত দ্রুত সম্ভব হল সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।