ধর্ষণ
ধর্ষণ

স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ‘বিয়ে’, পরে বেরিয়ে এল প্রকৃত ঘটনা

রংপুরে বিয়ের নামে প্রতারণা করে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার প্রায় দুই মাস পর গতকাল সোমবার সন্ধ্যায় তাঁকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয়। পরে তাঁকে রংপুরে এনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ৬ মে ওই কলেজছাত্রী বাদী হয়ে রংপুর আদালতে মামলা করেন।

গ্রেপ্তার যুবকের নাম আজমাইন আবদুল্লাহ (২৬)। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার বাসিন্দা।

পুলিশ জানায়, আজমাইন বিবাহিত। নিজের বিয়ের বিষয়টি গোপন রেখে আজমাইন ওই কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। প্রথমে ওই ছাত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করলেও পরে ফেসবুকের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে কথোপকথনের মাধ্যমে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মামলার আরজির বরাত দিয়ে এ বিষয়ে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন। তিনি জানান, গত বছরের ২ ডিসেম্বর বিয়ের কথা বলে ওই কলেজছাত্রীকে রংপুর আদালত এলাকার পাশে একটি লেকের পাড়ে নিয়ে যান আজমাইন। সেখানে দুজন সাক্ষীর উপস্থিতিতে একটি স্ট্যাম্পে ওই তরুণীর স্বাক্ষর নেওয়ার পর তাঁদের বিয়ে হয়েছে বলে তাঁকে জানান। পরে হারাগাছের ধুমগড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে নিয়ে গিয়ে তাঁকে স্ত্রী পরিচয় দিয়ে তাঁর সঙ্গে রাত কাটান। এরপর বিভিন্ন সময় আলাদা আলাদা স্থানে নিয়ে গিয়ে স্ত্রী পরিচয়ে একাধিকবার ওই তরুণীর সঙ্গে আজমাইন শারীরিক সম্পর্কে জড়ান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পরে ওই কলেজছাত্রী বিয়ের কাবিননামার কাগজ দেখতে চাইলে আজমাইন বিভিন্নভাবে বিষয়টি এড়িয়ে যান। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে গত ২৪ এপ্রিল সাক্ষীদের নিয়ে আজমাইনের বাড়িতে যান ওই ছাত্রী। তখন আজমাইন তাঁকে জানান, তিনি বিবাহিত, তাঁর স্ত্রী আছে। তিনি ওই তরুণীকে বিয়ে করতে পারবেন না। এ ঘটনায় প্রতিবাদ করলে তিনি তাঁকে (তরুণীকে) টাকার বিনিময়ে বিষয়টি কাউকে না জানানোর প্রস্তাব দেন এবং তাঁকে বিরক্ত করলে গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

আদালতের নির্দেশে ১২ মে আজমাইনের বিরুদ্ধে হারাগাছ থানায় ধর্ষণের মামলা হয় বলে জানান হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক চৌহান। তিনি বলেন, মামলার পর আজমাইন আত্মগোপনে চলে যান। প্রায় দুই মাস ধরে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালায় পুলিশ। গতকাল র‍্যাব-১-এর সহায়তায় ঢাকা বিমানবন্দর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে হারাগাছ থানায় আনা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে রংপুর আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।