প্রধানমন্ত্রীর জনসভা

যশোর থেকে খুলনায় যাবে ১০টি বিশেষ ট্রেন, থাকছে খাবারের ব্যবস্থা

ট্রেন
প্রতীকী ছবি

কাল সোমবার খুলনা সার্কিট হাউস মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর জনসভায় যশোর থেকে হাজারো নেতা-কর্মী যোগ দেবেন। নেতা-কর্মীদের যাতায়াতের সুবিধায় কাল সকাল আটটা থেকে যশোরের বিভিন্ন স্টেশন থেকে ১০টি বিশেষ ট্রেন খুলনায় যাবে।

এ ছাড়া ৬৫০টি বাস ও মাইক্রোবাসে নেতা-কর্মী জনসভায় যোগ দিতে পারবেন। জনসভায় যোগ দেওয়া নেতা-কর্মীদের জন্য দলের পক্ষ থেকে সকালে নাশতা ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ১০টি ট্রেনের মধ্যে যশোর রেলস্টেশন থেকে ছয়টি, অভয়নগরের নওয়াপাড়া রেলস্টেশন থেকে দুটি, ঝিকরগাছার নাভারন ও বেনাপোল রেলস্টেশন থেকে একটি করে ট্রেন সকালে খুলনার উদ্দেশে ছেড়ে যাবে। এ ছাড়া আটটি উপজেলার বিভিন্ন জায়গা থেকে ৬৫০টি বাস নেতা-কর্মীদের নিয়ে খুলনায় ছেড়ে যাবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেন, রেলওয়ের কাছ থেকে ১০টি ট্রেন ভাড়া করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা ভাড়ার টিকিট ট্রেনে যাওয়া নেতা-কর্মীদের হাতে আগেই পৌঁছে দেওয়া হচ্ছে। এ ছাড়া বাস মালিক সমিতির মাধ্যমে ৬৫০টি বাস ভাড়া করা হয়েছে। তাঁরা যশোর থেকে ১ লাখ ১০ হাজার মানুষ জমায়েতের প্রস্তুতি নিয়েছেন।

শাহীন চাকলাদার আরও বলেন, খুলনার জনসভায় যশোরের নেতা-কর্মীরা সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ডাকবাংলো এলাকার মধ্যে অবস্থান নেবেন। এর বাইরে তাঁরা যাবেন না। প্রতিটি জেলার জন্য জায়গা নির্দিষ্ট করা রয়েছে। জনসভায় ১৫ লাখের মতো লোকসমাগম হবে বলে তাঁরা ধারণা করছেন। বিএনপির অবরোধের মধ্যে কোনো ঝুঁকি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে বিএনপিকে আমন্ত্রণ জানাচ্ছি, সাহস থাকলে আপনারা আমাদের ঠেকাতে আসুন। একটি গাড়িতে আগুন দিতে আসুন। তারপর দেখুন, ঘরে ফিরতে পারেন কি না।’

যশোর রেলস্টেশনের মাস্টার আয়নাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে নেতা-কর্মীদের যাতায়াতে যশোর, নওয়াপাড়া, নাভারন ও বেনাপোল রেলস্টেশন থেকে ১০টি বিশেষ ট্রেন খুলনায় যাবে। বিশেষ এই ট্রেনে ৮ থেকে ৯টি করে বগি আছে। যশোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ট্রেনগুলো ভাড়া করা হয়েছে।

জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম বলেন, জেলা আওয়ামী লীগ ৬০০ বাস ভাড়া করেছে। কোন গাড়ি কোন জায়গা থেকে ছাড়বে, তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাধারণ যাত্রীদের ভোগান্তি যেন না হয়, সেদিকে দৃষ্টি রাখা হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, জনসভায় যোগ দেওয়া নেতা-কর্মীদের সকাল ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া যশোর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে রেলস্টেশনে যাওয়া নেতা-কর্মীদের বহনের জন্য পিকআপ, নছিমন, মিনিবাস প্রস্তুত রাখা হয়েছে।