ছয় মাসের কর্মকাণ্ড সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
ছয় মাসের কর্মকাণ্ড সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

সংবাদ সম্মেলন

ছয় মাসের কর্মকাণ্ড তুলে ধরলেন চট্টগ্রামের জেলা প্রশাসক

জাতীয় নির্বাচন, জঙ্গল সলিমপুরে অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মানবিক উদ্যোগসহ গত ছয় মাসের কর্মকাণ্ড সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

আজ বুধবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘স্বচ্ছতা ও জবাবদিহিতার ছয় মাস’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ভিডিও চিত্রের মাধ্যমে জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এতে মানবিক উদ্যোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সাংস্কৃতিক আয়োজন, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি এবং গণশুনানির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

ভিডিও চিত্রে বলা হয়, ৫ আগস্ট–পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলার চ্যালেঞ্জের মধ্যেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জঙ্গল সলিমপুরে পরিচালিত অভিযানের বিষয়েও বিভিন্ন তথ্য তুলে ধরেন জেলা প্রশাসক। দীর্ঘদিন ধরে সন্ত্রাস, দখলদারত্ব ও অপরাধ চক্রের নিয়ন্ত্রণে থাকা এলাকাটিকে তিনি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে পরিচালিত অভিযানে কোনো প্রাণহানি ছাড়াই এলাকা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ছয় মাসে ভূমি উদ্ধার, শ্রমিক অধিকার নিশ্চিতকরণ, ফ্যামিলি কার্ড কার্যক্রম, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, সংস্কৃতিচর্চা, কারাগারে মানবিক উদ্যোগ এবং প্রবাসীদের জন্য অনলাইন গণশুনানির মতো কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

২০২৫ সালের ১৮ নভেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, ‘সমাজের বাস্তব চিত্র সবচেয়ে বেশি তুলে ধরেন গণমাধ্যমকর্মীরা। তাঁদের পরামর্শ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘প্রত্যেক মানুষের কিছু সীমাবদ্ধতা থাকে, আমিও তার ব্যতিক্রম নই। তবে দায়িত্বের জায়গা থেকে শতভাগ দেওয়ার চেষ্টা করি।’

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।