বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার লক্ষ্মীপুর গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো দুই ভাই খুন হয়েছেন। এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েন নিহত ব্যক্তিদের এক স্বজন। আজ সোমবার সকালে তোলা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার লক্ষ্মীপুর গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো দুই ভাই খুন হয়েছেন। এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েন নিহত ব্যক্তিদের এক স্বজন। আজ সোমবার সকালে তোলা

বগুড়ায় জমি নিয়ে বিরোধে দুই চাচাতো ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে দুই যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে তাঁদেরই দুই চাচাতো ভাই এবং চাচার বিরুদ্ধে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর গ্রামের জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩০) এবং তোফাজ্জল হোসেনের ছেলে সুমন মোল্লা (৩৫)। তাঁরা উভয়েই সম্পর্কে চাচাতো ভাই। এ ঘটনায় জড়িত চাচা রেজাউল করিম ও তাঁর ছেলে রাব্বি মণ্ডল (২৭) আত্মগোপনে আছেন।

এ ঘটনায় অভিযুক্ত এক চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ। তাঁর নাম আবদুল আহাদ (২৩)। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত বার্মিজ চাকু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিন শতক পৈতৃক জায়গা নিয়ে লক্ষ্মীপুর গ্রামের তিন ভাই জামিল, তোফাজ্জল ও রেজাউল করিমের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে আজ সকালে রেজাউল করিম ও তাঁর দুই ছেলের সঙ্গে জামিল এবং তোফাজ্জলের পরিবারের ঝগড়া বাঁধে। বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে জামিলের ছেলে ইয়াছিন আলী ও সুমনকে রেজাউল ও তাঁর দুই ছেলে আহাদ ও রাব্বী ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই ইয়াছিন আলীর মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় সুমনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে শিবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, তিন ভাইয়ের মধ্যে তিন শতক জায়গা নিয়ে বিরোধের জোরে হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চাচাতো ভাই আবদুল আহাদকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের আটকের জন্য অভিযান চলছে।