পাঁচ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবার ভারতে মাছ রপ্তানি শুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১২ ট্রাকে ৬৪ টন মাছ স্থলবন্দরটি দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেছে। রপ্তানি হওয়া এই মাছের বাজারমূল্য ১ কোটি ৮৪ লাখ টাকা।
ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (ফেসাই) ১ ফেব্রুয়ারি আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। তবে ত্রিপুরা রাজ্য সরকারের অনুরোধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ফেসাই। এতে বন্দরে পুনরায় ব্যবসায়ীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরেছে। তবে পাঁচ দিন মাছ রপ্তানি বন্ধ থাকায় আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীদের অন্তত দুই কোটি টাকার লোকসান হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
মাছ রপ্তানিকারক সূত্রে জানা গেছে, প্রতিদিন ৫০ থেকে ৬০ টন বরফায়িত মাছ আখাউড়া স্থলবন্দর দিয়ে উত্তর-পূর্ব ভারতে রপ্তানি করা হয়। সপ্তাহের প্রতি সোম থেকে বৃহস্পতিবার—এ চার দিন বন্দর দিয়ে মাছ রপ্তানি হয়। প্রতি কেজি মাছ আড়াই মার্কিন ডলারে রপ্তানি হয়। মূলত মাছের ওপর ভর করেই আখাউড়া স্থলবন্দরের রপ্তানি–বাণিজ্য টিকে আছে। তবে মান যাচাইয়ে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল–সংকটের কারণ দেখিয়ে ভারতের বিভিন্ন বন্দর দিয়ে মাছ, মাংস ও পোলট্রিজাত খাদ্য আমদানিতে এক মাসের জন্য নিষেধাজ্ঞা দেয় দেশটির নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এর ফলে ১ ফেব্রুয়ারি থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ হয়ে যায়। তবে এ নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব পড়ে ত্রিপুরার মাছের বাজারগুলোতে।
বন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমন অবস্থায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাসহ রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো নানা তৎপরতা শুরু করেন। তাঁরা কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি ও ফোনের মাধ্যমে জানান, এই বন্দর যেন নিষেধাজ্ঞার আওতাধীনের বাইরে রাখা হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে ফেসাই কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম বলেন, আখাউড়া স্থলবন্দর দিয়ে যেসব পণ্য রপ্তানি হয়, তাদের মধ্যে মাছ অন্যতম। ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ ছিল। ১২টি পণ্যবাহী ট্রাকে ৬৪ টন মাছ ভারতে রপ্তানি করা হয়েছে। এতে সরকারের রাজস্ব পাওয়ার পাশাপাশি বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
মাছ রপ্তানিকারক শাহনেওয়াজ মিয়া ও মনির হোসেন বলেন, তাঁরা ২০-২৫ জন বন্দরে মাছ রপ্তানি করেন। ১ কোটি ৮৪ লাখ টাকা মূল্যের মাছ রপ্তানি করা হয়েছে। রপ্তানি না হলে এই টাকার রাজস্ব থেকে সরকার বঞ্চিত হতো। মাছ রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা হতাশ হয়ে গিয়েছিলেন। নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ।
আখাউড়া স্থলবন্দর আমদানি–রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, ভারতের ত্রিপুরা রাজ্যসহ আশপাশের কয়েকটি রাজ্য বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া মাছের ওপর নির্ভরশীল। মাছ রপ্তানি বন্ধ হওয়ায় এই রাজ্যের সাধারণ মানুষের সমস্যায় পড়তে হবে। বিষয়টি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে জানালে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। এতে স্থলবন্দর থেকে আবারও শত শত কোটি টাকা রাজস্ব আয় হবে।