
বৃষ্টি হলে সেই গর্তগুলোতে পানি জমে থাকে। এসব গর্তে রিকশা ও গাড়ির চাকা পড়ে দুর্ঘটনা ঘটছে।
মৌলভীবাজার-শমশেরনগর সড়কের চৌমোহনা এলাকা অনেক দিন ধরে ছোট-বড় গর্তে ভরপুর। বৃষ্টি হলে সেই গর্তগুলোতে পানি জমে থাকে। এসব গর্তে রিকশা ও গাড়ির চাকা পড়ে দুর্ঘটনা ঘটছে। পথচারীরাও রাস্তা পার হতে গিয়ে কাদাপানিতে দুর্ভোগের শিকার হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমোহনা চত্বরটি ভোর থেকে মানুষের পদচারণে জমে ওঠে। মৌলভীবাজার-কুলাউড়া সড়ক, মৌলভীবাজার-শমশেরনগর, মৌলভীবাজার-কমলগঞ্জ সড়ক, এম সাইফুর রহমান সড়ক ও কোর্ট রোড এ স্থানে এসে মিশেছে। সকাল থেকে এই চৌমোহনা চত্বর দিয়ে পথচারীসহ ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করে। গভীর রাত পর্যন্ত এলাকাটি মানুষ ও যানবাহনে সরগরম থাকে। কিন্তু অনেক দিন ধরে চৌমোহনা-সংলগ্ন এলাকায় শমশেরনগর সড়কের দিকে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে গর্তগুলোতে পানি জমে থাকে। অনেক সময় রিকশার চাকা গর্তে পড়লে অসতর্ক অনেক যাত্রী পড়ে আহত হন। কখনো গর্ত এড়াতে গিয়ে যানবাহনের চালকেরা পথচারীর ওপর গাড়ি তুলে দেন। বৃষ্টির সময় পথচারীরা স্থানটি পার হতে গিয়ে বিপাকে পড়ে। এ ছাড়া প্রায় সময়ই ফুটপাতে ভ্রাম্যমাণ ব্যবসায়ীসহ কেউ না কেউ অবস্থান করায় পথচারীরা মূল সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হয়।
গত সোমবার দুপুরে দেখা গেছে, চৌমোহনা চত্বরের মূল কেন্দ্রে শমশেরনগর সড়কের দিকে ছোট-বড় অনেক গর্তে বৃষ্টির পানি জমে আছে। এই পানি ভেঙে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, টমটমসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এর ফাঁকফোকর দিয়ে কোনোরকম গা বাঁচিয়ে চলাচল করে পথচারীরা। শুধু চৌমোহনার মূল চত্বরের কাছেই এ গর্ত হয়নি, শমশেরনগর সড়কের চৌমোহনা থেকে পৌর এলাকার লক্ষ্মীবালা স্কুল রোডের মাথা পর্যন্ত রাস্তার দুই পাশে ও রাস্তার মধ্যে অনেক গর্ত। এসব গর্তে পানি জমে আছে। বিশেষ করে সড়কের চৌমোহনা থেকে কাশীনাথ রোডের মাথা পর্যন্ত দুই পাশে ফুটপাত দিয়ে চলাচলের অবস্থা নেই। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের জিনিসপত্র, মোটরসাইকেল, টমটমসহ নানা ধরনের যানবাহন ফুটপাত ও রাস্তাজুড়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। পথচারীদের কাদাপানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। একই রকম সড়কের গির্জাপাড়ার প্রবেশপথের মুখে বড়সড় গর্ত তৈরি হয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, চৌমোহনা এলাকাসহ শহরের কোর্ট রোড, শমশেরনগর সড়ক, শাহ মোস্তফা সড়ক ও শ্রীমঙ্গল সড়ক হচ্ছে সওজ বিভাগের। এই সড়কগুলো পৌরসভার ভেতরে হলেও এগুলো দেখার দায়িত্ব সওজের।
পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেন, চৌমোহনা এলাকাসহ শমশেরনগর সড়কের গর্ত নিয়ে সওজ কর্তৃপক্ষের সঙ্গে কতবার কথা হয়েছে। এক বছর ধরে রাস্তার এ অবস্থা। বলা হয়, দরপত্র হচ্ছে, কাজ হবে।
সওজ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন বলেন, শমশেরনগর সড়কে ঠিকাদার কাজ করছেন। চৌমোহনা পর্যন্ত এই ঠিকাদার কাজ করবেন। গর্তগুলো ঠিক করে বিটুমিনের কাজ হবে। বৃষ্টি কমলে পুরোদমে কাজ হবে।