রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডের বারান্দা থেকে পড়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডের বারান্দা থেকে পড়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে

রাজশাহী মেডিকেল

অসুস্থ বাবা-বোনের সঙ্গে হাসপাতালে, বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু

অসুস্থ বাবা ও বোনের সঙ্গে হাসপাতালে এসেছিল দুই বছরের আবু হুরাইরাহ। নতুন হাঁটতে শিখেছে সে। হাসপাতালের ওয়ার্ডের বারান্দার গেট খোলা পেয়ে হাঁটতে হাঁটতে সেখানে চলে যায় শিশুটি। ওই বারান্দায় ছিল না কোনো গ্রিল। দোতলা থেকে নিচে পড়ে মৃত্যু হয় তার।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চারতলা ভবনের ১১ নম্বর ওয়ার্ডের বারান্দায় আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে। নিহত আবু হুরাইরাহর বাবার নাম হৃদয় আলী। তাঁদের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলায়। হৃদয় আলী রিকশাচালক।

হৃদয় আলীর ডেঙ্গু জ্বর হয়েছে। তাঁর ছয় বছরের মেয়েটিও অসুস্থ। বাবা হাসপাতালের ১৪ নম্বর ও মেয়ে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি। তাঁরা হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাবেন। এ জন্য কাগজপত্র নিয়ে হৃদয় আলীর স্ত্রী সেলিনা বেগম চিকিৎসকের চেম্বারে দৌড়াদৌড়ি করছিলেন। এরই ফাঁকে ঘটে গেছে এ দুর্ঘটনা।

শিশু হুরাইরাহ বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে হাসপাতালে ১০ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। বেলা আড়াইটার দিকে সেখানে গিয়ে দেখা যায়, শিশুটির নিথর দেহ টেবিলের ওপরে পড়ে রয়েছে। শরীরের স্যালাইনের নল খোলা হয়নি। নাক দিয়ে রক্ত ঝরছে। শিশুটিকে একনজর দেখার জন্য হাসপাতালের রোগীর স্বজনেরা ভিড় করেছেন। তাঁদের ঠেকানোর চেষ্টা করছেন দুজন আনসার সদস্য।
এ সময় ১১ নম্বর ওয়ার্ডের সামনের করিডরে বিছানায় বসে আহজারি করছিলেন বাবা হৃদয় আলী। পাশেই বসে রয়েছে তাঁর মেয়ে উম্মে খাদিজা। এখান থেকেই আবু হুরাইরাহ বারান্দায় যায়।

হৃদয় আলী ওই করিডরে বসে আহাজারি করছিলেন। কিছুক্ষণ পর তাঁর স্ত্রী সেলিনা বেগম ছুটে আসেন। বারান্দা থেকে ছেলের পড়ে যাওয়ার কথা শুনে তিনি মেঝেয় ধপাস করে বসে পড়েন। একপর্যায়ে তিনি গড়াগড়ি যেতে লাগলেন।

হৃদয় আলী দাঁড়িয়ে একজনকে বললেন, ‘আমারে সাওয়ালের কাছে নিয়া চল।’ তিনি আরেকজনের কাঁধে ভর দিয়ে উঠে গেলেন। তখন চারদিক থেকে রোগীর স্বজনেরা এসে সেলিনা বেগমকে ঘিরে ধরেন। ভিড় দেখে এক আনসার সদস্য এসে বাঁশি বাজিয়ে সবাইকে সরিয়ে দেন। সেলিনা তখন মোনাজাতের ভঙিতে দুই হাত তুলে আনসার সদস্যকে মিনতি করে বললেন, ‘আমার বাবুটারে আমি একটু দ্যাকপো।’ এরই মধ্যে হৃদয় আলী এসে বললেন, ‘তোমার ছেলে নাই।’ ছেলের মৃত্যুর খবর শুনে সেলিনা বেগম কান্নায় ভেঙে পড়েন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডের বারান্দার গেট খোলা পেয়ে হাঁটতে হাঁটতে সেখানে চলে যায় শিশুটি

হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ জানান, বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে শিশুটির মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আপাতত মৃত্যু সনদে 'ব্রড ডেথ' লেখা হয়েছে। ময়নাতদন্ত করলে হয়তো আরও যে সমস্ত কারণে ওপর থেকে পড়লে মৃত্যু হয়, সেগুলো আসতে পারে।

হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডের যে অংশের গ্রিল খোলা ছিল, সেখানে রোগী চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এ ব্যাপারে জানতে চাইলে শেখ শামীম আহমেদ প্রথম আলোকে বলেন, প্রথমত, এটা একটা দুর্ঘটনা। বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আর গেট কেন খোলা ছিল, এ বিষয়ে তাঁরা সিসিটিভির ফুটেজ দেখে খোঁজ নেবেন। কারও দায়িত্বে অবহেলার ব্যাপার থাকলে, সেটা দেখা হবে।