পর্যটন দিবসে কোম্পানীগঞ্জের সাদা পাথরে নৌকাভাড়া কমিয়ে অর্ধেক

সিলেট সাদা পাথর পর্যটনকেন্দ্রে বুধবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প‌রিষ্কার–প‌রিচ্ছন্নতা অভিযান
ছ‌বি: প্রথম আলো

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্রে নৌকাভাড়া কমিয়ে অর্ধেক করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ঘাট ইজারাদারদের সহযোগিতায় আজ বুধবার এই উদ্যোগ নেওয়া হয়।

নৌকাভাড়া অর্ধেক কমিয়ে নেওয়ায় পর্যটকেরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রশাসন ও ঘাট ইজারাদারদের এমন উদ্যোগে পর্যটকেরা স্বাগত জানিয়েছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং বলেন, সাদা পাথর পর্যটনকেন্দ্রে পর্যটকেরা যাতে উৎসাহী হন, এ জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শুধু পর্যটন দিবসের জন্য। এ ছাড়া বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সাদা পাথর পর্যটনকেন্দ্র এলাকায় স্বেচ্ছাসেবী, ঘাট ইজারাদার, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী মিলে আজ বুধবার সকাল থেকে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নাশতা বিতরণ করা হয়েছে। রোপণ করা হয়েছে পাঁচটি তালগাছ।

সাদা পাথর পর্যটনকেন্দ্র সূত্রে জানা গেছে, সাদা পাথর ঘাট ইজারারা নিয়েছে হাফিজ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। মূলত কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট থেকে পর্যটনস্পট সাদা পাথর যাতায়াতে একেকটি নৌকায় ৮০০ টাকা করে ভাড়া নির্ধারণ করা রয়েছে। আজ সেটি ৪০০ টাকা করে নেওয়া হয়েছে।

ঘাট ইজারাদার প্রতিষ্ঠানের পরিচালক তোয়াহির আলী বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষে পর্যটকদের উৎসাহের জন্য এই উদ্যোগের কথা বলা হয়েছে। এতে আমরা রাজি হয়েছি। সাধারণত বন্ধের দিন ছাড়া ঘাটে গড়ে প্রায় ২০০ নৌকা পর্যটক পরিবহন করে থাকে। সেই হিসাবে আজও পর্যটকদের উপস্থিতি ছিল। পর্যটন দিবস উপলক্ষে আজ যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অর্ধেক নেওয়া হয়েছে।’

এই পর্যটনকেন্দ্রে আজ দুপুরে পরিবারের ৯ সদস্য নিয়ে বেড়াতে এসেছিলেন কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার রহমত মুন্সি। তিনি বলেন, ‘দুপুরে ভোলাগঞ্জ পৌঁছানোর পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নাশতার প্যাকেট পেয়েছি। পরে ঘাটে গিয়ে জানা গেছে পর্যটন দিবস উপলক্ষে নৌকাভাড়াও অর্ধেক করা হয়েছে। যেখানে পরিবারের ৯ সদস্য নিয়ে যেতে ৮০০ টাকা খরচ হতো, সেখানে অর্ধেক ভাড়া লেগেছে।’ খরচ কমায় তিনিসহ পরিবারের সবাই খুশি।

কাল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা তিন দিন পর্যটকদের চাপ সামাল দিতে উপজেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ ও স্বেচ্ছাসেবীরা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জের ইউএনও লুসিকান্ত হাজং। তিনি বলেন, সাদা পাথর পর্যটনকেন্দ্রে পর্যটকেরা যাতে দুর্ঘটনাকবলিত না হন, এ জন্য হাঁটু পানির বেশি পানিতে না নামতে বলা হচ্ছে। পর্যটনকেন্দ্রের পাথরগুলোয় শেওলা জমে রয়েছে, সেগুলোতে সাবধানাতা অবলম্বন করে হাঁটাচলার কথা বলা হচ্ছে। এ জন্য সার্বক্ষণিক মাইকিংয়ের ব্যবস্থা রয়েছে। এর বাইরে ট্যুরিস্ট পুলিশ ও উপজেলা প্রশাসনের নজরদারি থাকবে। পর্যটকেরা হয়রানি যাতে না হন, সেদিকেও লক্ষ রাখছেন তাঁরা।

এদিকে গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্রগুলোতেও আজ পর্যটন দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে বলে জানিয়েছেন ইউএনও তাহমিলুর রহমান। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা রয়েছে। এ ছাড়া জাফলং এলাকায় নৌকাভাড়ায়ও বিশেষ ছাড় দেওয়া হয়েছে।