নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাসেরের বাড়িতে ককটেল হামলা ও ফাঁকা গুলি করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মেমের স্কুল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
আতাউর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিহাব উদ্দিনের অনুসারী। এর আগে গত বৃহস্পতিবার রাতে শিহাব উদ্দিনের বড় ভাই সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিনের বাড়িতে ককটেল হামলা ও ফটকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় আওয়ামী লীগের প্রার্থী মো. একরামুল করিম চৌধুরীর লোকজন ওই হামলা চালিয়েছে বলে মনে করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। তিনি বলেন, গতকাল রাতে তিন থেকে চারটি মোটরসাইকেলে করে তাঁর বাড়ির সামনে এসে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে তারা। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে তিনি থানা-পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত জব্দ করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী মো. একরামুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এগুলো সবই ওদের নাটক। আমি নোংরা রাজনীতি করি না, পছন্দও করি না। যদি সত্যি কেউ উনার বাড়িতে হামলা করে থাকে, আমি তার সঠিক তদন্ত ও বিচার চাই। এর আগে বাহার উদ্দিনের বাড়িতে হামলার অভিযোগও মিথ্যা এবং ভিত্তিহীন।’
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক তদন্ত মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, আতাউর রহমানের বাড়িতে ককটেল হামলার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। সেখান থেকে পটকাজাতীয় কিছু বিস্ফোরকের আলামত জব্দ করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।