দিনাজপুরে ‘গণমিছিল’ কর্মসূচি থেকে বিএনপির ৯ ও জামায়াতের ১৬ কর্মী আটক

দিনাজপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল থেকে একজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। শনিবার দুপুরে শহরের বাহাদুর বাজারে
ছবি: প্রথম আলো

দিনাজপুরে কেন্দ্রঘোষিত ‘গণমিছিল’ কর্মসূচি শেষে বিএনপির ৯ কর্মীকে আটক করা হয়েছে। সেই সঙ্গে পৃথক কর্মসূচি থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১৬ কর্মীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, তারা যে ২৫ জনকে আটক করেছে, তাঁদের জামায়াতের কর্মসূচি থেকে আটক করা হয়েছে। এর মধ্যে কেউ বিএনপির কর্মী কি না, তা তারা নিশ্চিত নয়।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ বলেছেন, ‘আজ শনিবার বেলা একটায় শহরের জেল মোড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আমরা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করেছি। কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে বিভিন্ন স্থান থেকে আমাদের ৯ কর্মীকে আটক করা হয়েছে।’ পুলিশের বক্তব্যের বিষয়ে বখতিয়ার আহমেদ বলেন, ‘আমাদের আটক নেতা-কর্মীদের জামায়াত-শিবিরের নেতা-কর্মী বলা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

বিএনপির আটক কর্মীরা হলেন কাহারোল উপজেলার ভেলুয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আল আমিন (৩২), তরলা গ্রামের সুরুজ মিয়ার ছেলে সজল ইসলাম (১৯) ও ইমরান আলী (২৫); বীরগঞ্জ উপজেলার ছয়ঘটি এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে ইব্রাহিম (৬৬), সনকা গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে মুসফুল (৩৪), একই গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৪০), ঘোড়াবন্দ এলাকার জামিনুর রহমানের ছেলে শাহিন আলম (২৩); সদর উপজেলার উত্তর শিবপুর গ্রামের মেছের আলীর ছেলে শাহিন আলম (২৪) ও বাদেরুল ইসলামের ছেলে তারেক হোসেন (২০)। আটক জামায়াত কর্মীদের নাম-পরিচয় জানা যায়নি।

কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে বিভিন্ন স্থান থেকে আমাদের ৯ কর্মীকে আটক করা হয়েছে। আমাদের আটক নেতা-কর্মীদের জামায়াত-শিবিরের নেতা-কর্মী বলা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
বখতিয়ার আহমেদ, সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা বিএনপি

আজ দুপুর ১২টায় শহরের জেল মোড় এলাকায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। দুই হাজারের বেশি নেতা-কর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের মডার্ন মোড়, নিমতলা, মুন্সিপাড়া এলাকা ঘুরে আবার দলীয় কার্যালয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

দিনাজপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল থেকে ডিবির হাতে আটক একজন। শনিবার দুপুরে শহরের বাহাদুর বাজারে

এদিকে একই সময় পুলিশি বাধা উপেক্ষা করে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরও আজ গণমিছিল কর্মসূচি করেছে। দুপুর ১২টায় শহরের বাহাদুর বাজার এলাকায় এ মিছিল শুরু হয়। জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের মুক্তির দাবি ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘বিএনপি তাদের সমাবেশ শেষ করেছে। এ সময় প্রায় দেড় হাজার জামায়াত-শিবির সমর্থক নেতা-কর্মী বাহাদুর বাজার এলাকায় জড়ো হন। নাশকতা ও জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেন। পরে বাহাদুর বাজারসহ আশপাশের এলাকা থেকে ২৫ জামায়াত-শিবির সমর্থক কর্মীকে আটক করেছে থানা ও ডিবি পুলিশ। তাঁদের মধ্যে বিএনপির কোনো নেতা-কর্মী ছিলেন কি না আমরা জানি না।’

ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে।