ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামের রফিকুল ইসলাম সরকার (৪৫) ও একই গ্রামের নুর আলম (৩৫)। সম্পর্কে তাঁরা মামা-ভাগনে।
বাঁশবাড়িয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জানান, রফিকুল ইসলাম দুপুরে বাগানমাঠ এলাকায় নিজের ধানের জমিতে কীটনাশক ছিটাতে যাচ্ছিলেন। এ সময় মাঠে থাকা একটি বৈদ্যুতিক মোটরের খোলা তার ঝুলে ছিল। অসাবধানতাবশত সেই তার তাঁর গায়ে লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশের জমিতে কাজ করা তাঁর ভাগনে নুর আলম ঘটনাটি দেখে দৌড়ে এসে মামাকে বাঁচানোর চেষ্টা করেন। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।