চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউনের ঘোষণা, গভীর রাতে বিক্ষোভ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনের দাবিতে আবারও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার এ কর্মসূচি শুরু হয়েছে। সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শাটডাউন চলবে বলে জানিয়েছেন তাঁরা।

গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা করেন শিক্ষার্থীরা। সভা শেষে শাটডাউন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সভায় তাঁরা বলেন, দুই মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এ সময়ে কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হলেও সংকট নিরসনে কার্যকর ও টেকসই সমাধান আসেনি। এতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

সভা শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলক্বারনাইন মিহাদ বলেন, ‘এ পরিস্থিতিতে চুয়েটের সব শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যমান সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আগামীকাল (আজ বৃহস্পতিবার) থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো।’

গতকাল রাতে সভা শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বাধীনতা চত্বর ঘুরে টিএসসির পেছনে গিয়ে শেষ হয়। এ সময় ‘বয়কট বয়কট, শরীফুল বয়কট’, ‘মানি না, মানব না, শরীফুল মানি না’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। একই দাবিতে আজ বেলা দুইটায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তাঁরা।

চলতি বছর ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন শুরু করেন। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা।

টানা ৩৬ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শেষে ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। তবে শিক্ষার্থীরা জানান, ক্লাস-পরীক্ষা শুরু হলেও অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলবে। প্রশাসনিক ভবনে আন্দোলনকারীদের দেওয়া তালাও এখন পর্যন্ত খোলা হয়নি, যার কারণে প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পের অর্থছাড় করা, যানবাহনের বিল দেওয়াসহ নানা কার্যক্রম বন্ধ রয়েছে। এমনকি অনিশ্চয়তা দেখা দিয়েছে ভর্তি পরীক্ষার আয়োজন নিয়েও।