
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই নির্বাচনকে আমাদের দেশের কাজে লাগাতে হবে, অর্থবহ করতে হবে। যাতে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা সত্যিকার অর্থেই একটা কার্যকর, একটা সৃজনশীল, একটা ইফেক্টিভ গভর্নমেন্ট তৈরি করতে পারি।’
আজ রোববার বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার ঐতিহাসিক দেবদারুতলায় পঞ্চগড়-২ আসনে (বোদা ও দেবীগঞ্জ) বিএনপির প্রার্থী ফরহাদ হোসেনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।
জটিল মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা জানেন যে আমরা দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করেছি, লড়াই করেছি। বিএনপির প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। সতেরো শ মানুষ, রাজনৈতিক নেতা–কর্মীকে গুম করে ফেলা হয়েছে এবং চব্বিশের জুলাইয়ে প্রায় দুই হাজার ছাত্র-যুবক-তরুণ-শ্রমিক, তাঁদের হত্যা করা হয়েছে। এত ত্যাগ, এত তিতিক্ষার বিনিময়ে, এত রক্তপাতের বিনিময়ে আমরা কিন্তু একটা সুন্দর, অবাধ, সুষ্ঠু নির্বাচন পেতে চলেছি।’
জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব বলেন, ‘আজ এই নির্বাচনে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে একটি দল। প্রথম দিকে তারা বলল যে জুলাই সনদ সম্পূর্ণ পাস না করলে তারা নির্বাচন করবে না। তারপরও দেখেন, তারা ঠিকই নির্বাচনে আসছে। তারপরে তারা বলল যে তাদের দাবিদাওয়াগুলো মেনে না নিলে তারা নির্বাচন করবে না। আবার ঠিকই তারা নির্বাচনে এল। এই দল বিশ্বাসযোগ্য নয়। কারণ, ১৯৭১ সালে এই দল আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে। দলটি পাকিস্তান আন্দোলনেও বিরোধিতা করেছে। তারা এ দেশের মানুষের কল্যাণ চায় না বলেই তখন পাকিস্তানের বিরোধিতা করেছে আর পরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আজকের এই নির্বাচন পুরোপুরি একটা রাজনৈতিক সিদ্ধান্তের নির্বাচন। আপনি কি অতীতে ফিরে যাবেন নাকি আপনি সামনের দিকে আগাবেন? আপনি কি সেই স্বাধীনতার বিরোধীদের পক্ষে যাবেন নাকি স্বাধীনতার পক্ষে যারা সামনের দিকে যায়, তাদের পক্ষে যাবেন? যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি, তাদের কাছে কি বাংলাদেশ নিরাপদ হতে পারে? তাহলে তাদের কাছে দায়িত্ব কীভাবে দিতে পারি? আজকে এ দলটি দেশের বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করার চেষ্টা করছে। সে জন্য আমাদের সজাগ থাকতে হবে। আমরা কোনোমতেই এই নির্বাচনকে বানচাল হতে দিতে পারি না।’
বিএনপির বিভিন্ন বিষয় তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘আমার দল বিএনপি। স্বাধীনতার ঘোষণাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনকারীর দল। আমার নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সারা জীবন আপসহীন সংগ্রাম করেছেন। পার্লামেন্টে ডেমোক্রেসি নিয়ে এসেছেন। বন্ধুগণ, বিএনপিই পারে একমাত্র একটা স্থিতিশীল অর্থনীতি দিতে, মানুষের চাহিদা পূরণ করতে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। জামায়াতে ইসলামীর সেই অভিজ্ঞতা কোনো দিনই ছিল না এবং ভবিষ্যতে তারা সেটা করতেও পারবে না।’
বক্তব্যের মাঝে মির্জা ফখরুল পঞ্চগড়-২ আসনে বিএনপির প্রার্থী ফরহাদ হোসেনের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন।