
জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে দেশে প্রাদেশিক ব্যবস্থা চালু হলে সিলেটকে পৃথক প্রদেশ রাখার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। তাঁরা বলছেন, সংস্কার কমিশনের সুপারিশে সিলেটের নাম নেই। অথচ সিলেটবাসী দীর্ঘদিন ধরে প্রদেশব্যবস্থা চালুর দাবি জানিয়ে আসছেন। প্রাদেশিক ব্যবস্থা চালু হলে ইতিহাস, ঐতিহ্য, শিল্পকারখানা ও প্রাকৃতিক সম্পদে ভরপুর সিলেটকে পৃথক প্রদেশ রাখা উচিত।
গতকাল মঙ্গলবার রাতে সিলেট নগরের দরগাগেট এলাকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) সভাকক্ষে ‘প্রদেশ ভাবনা ও সিলেট প্রসঙ্গে’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ দাবি তুলেছেন। সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদ আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম। কবি আবদুল কাদির জীবনের সঞ্চালনে মুখ্য আলোচকের বক্তব্য দেন কবি কালাম আজাদ। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন প্রাবন্ধিক শামসীর হারুনুর রশীদ। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত।
বক্তারা বলেন, প্রাদেশিক ব্যবস্থা চালু হলে সিলেট প্রদেশ হবে, এটা সিলেটবাসীর যৌক্তিক ও ন্যায়সংগত দাবি। প্রাদেশিক প্রক্রিয়ার মুখ্য বিষয় হলো, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করে মানুষের মৌলিক অধিকার জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। দেশে যদি প্রদেশ দুটি হয়, তাহলে একটি সিলেট হওয়া উচিত। সিলেটবাসী যেন কোনো বৈষম্যের শিকার না হন, সেটা খেয়াল রাখতে হবে।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেমুসাসের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, মদনমোহন কলেজের পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক আকবর হোসেন চৌধুরী, কবি কামাল তৈয়ব, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, কবি কামাল আহমদ প্রমুখ।
এদিকে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের দরগাগেট এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘সিলেট প্রদেশ চাই’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক হবে। এতে সিলেটের নাগরিকদের উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি এম আতাউর রহমান পীর ও সাধারণ সম্পাদক বায়েজীদ মাহমুদ ফয়সল অনুরোধ জানিয়েছেন।