বার্ষিক বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের নাওজোড় এলাকায় উড়ালসড়কের নিচে
বার্ষিক বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের নাওজোড় এলাকায় উড়ালসড়কের নিচে

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ

বার্ষিক বেতন বৃদ্ধিসহ (ইনক্রিমেন্ট) বিভিন্ন দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের নাওজোড় এলাকায় উড়ালসড়কের নিচে তাঁরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, গাজীপুরের নাওজোড় এলাকার ‘মাস্টার চ্যাম ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে প্রত্যাশা অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধির টাকা দেওয়া হয়নি। এ জন্য বেতন বাড়ানোর দাবিতে আজ বেলা সাড়ে ১১টার দিকে কারখানার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা।

একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় উড়ালসড়কের নিচে অবরোধ করেন। এতে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও বাসন থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। পরে তাঁদের বুঝিয়ে দুপুর ১২টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। এতে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল ব্যাহত হয়।

আন্দোলনকারী শ্রমিকেরা বলেন, তাঁদের দাবিদাওয়ার মধ্যে আছে সরকার নির্ধারিত বকেয়া বেতন তিন মাসের পরিশোধ করতে হবে; পাঁচটার পর কাজ করলে ওভারটাইম দিতে হবে; বার্ষিক বোনাস বেসিকের অর্ধেক দিতে হবে; কাজের রেট বাড়াতে হবে; বেতন সাত কর্মদিবসের মধ্যে দিতে হবে; শ্রমিকদের সঙ্গে ভালো আচরণ করতে হবে; চাকরি থেকে বরখাস্ত করলে তিন মাসের বেতনসহ ১০ দফা দাবি জানানো হয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করতে বলা হয়েছে।