এক মাসে লঞ্চঘাট এলাকার অন্তত অর্ধশত বসতঘর নদে বিলীন হয়ে গেছে।
ভাঙনের আতঙ্কে লঞ্চঘাট ও নতুন আন্ডারচর এলাকার কয়েক শ বাসিন্দা।
আড়িয়াল খাঁ নদের পানি কমতে থাকায় মাদারীপুরের কালকিনিতে ভাঙন দেখা দিয়েছে। এতে নদপাড়ের বসতঘর ও ফসলি জমি বিলীন হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি ঘরবাড়ি, ফসলি জমি ও একটি সড়কের কিছু অংশ নদে বিলীন হয়ে গেছে। ভাঙনের আতঙ্কে রয়েছে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের লঞ্চঘাট ও নতুন আন্ডারচর এলাকার কয়েক শ বাসিন্দা।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্র জানায়, কালকিনির সাহেবরামপুর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে গেছে আড়িয়াল খাঁ নদ। এই নদের ভাঙনে প্রতিবছর ইউনিয়নের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়। আড়িয়াল খাঁ নদের পানি অস্বাভাবিক হারে কমতে থাকায় লঞ্চঘাট ও নতুন আন্ডারচর এলাকায় ভাঙন দেখা দিয়েছে। গত এক মাসে লঞ্চঘাট এলাকার অন্তত অর্ধশত বসতঘর, ১টি সড়কের ১০০ মিটার অংশ নদে বিলীন হয়ে গেছে। ভাঙনের আতঙ্কে রয়েছে লঞ্চঘাট এলাকার শতাধিক পরিবার। এ ছাড়াও নতুন আন্ডারচর এলাকার বঙ্গবন্ধু কলেজ, প্রাথমিক বিদ্যালয়, নবারুন উচ্চবিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও ভাঙনের হুমকিতে রয়েছে।
নদের পানি কমতে থাকায় পাড়ের মাটি ভেঙে পড়ছে নদে। লঞ্চঘাটের সংযোগ সড়কটির ১০০ মিটার বিলীন।
গত রোববার লঞ্চঘাট এলাকায় গিয়ে দেখা যায়, আড়িয়াল খাঁ নদের পানি কমতে থাকায় পাড়ের মাটি ভেঙে পড়ছে নদে। লঞ্চঘাটের সংযোগ সড়কটির ১০০ মিটার নদে বিলীন হয়ে গেছে। ভাঙন বাড়তে থাকায় নদপাড়ের বাসিন্দারা তাঁদের ঘরবাড়ি অনত্র সরিয়ে নিচ্ছেন। ভাঙনরোধে পাউবো নদের পাড়ে জিও ব্যাগ ফেলছে।
লঞ্চঘাট এলাকার বাসিন্দা জালাল সরদার (৪০) বাড়িঘর অন্যত্র সরিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে। তিনি বলেন, ‘গাঙ্গে আমাগো ঘরবাড়ি, খেত সব শ্যাষ। কিছুই বাকি নাই আর। দুই–এক রাইতের মইধ্যে ঘরডাও থাকব না। তাই টিনের বেড়া ছুটাইয়া পাশের আরেক ভাইর জায়গায় রাখছি। বৌ, পোলা–মাইয়া লইয়া এখন ওই খানে থাকমু।’
ভাঙনের আতঙ্কে রয়েছেন লঞ্চঘাট এলাকার সাদিকুর রহমান (৪৫)। তিনি বলেন, ‘ভাঙন ঠেকাইতে সরকার আমাগো এলাকায় কোনো কাম করে না। কাম করলে এমন ভাঙন দ্যাহা দিত না। গত দুই দিন ধইরা য্যামনে ভাঙতাছে, তাতে পুরো গ্রাম শ্যাষ হইয়া যাইবে।’
আন্ডারচর এলাকার মোয়াজ্জেম হোসেন (৬০) বলেন, ‘নদে ঘরবাড়ি ভাইঙ্গা গেলে কই থাকুম? সরকার তো আমাগো জন্য কোনো ব্যবস্থা রাহে নাই। জমিজমা নদে ভাঙ্গা যাইতাছে। কেউ তো থামাইতে আগাইয়া আসে না। বড় চিন্তায় দিন কাটাইতাছি মোরা।’
সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ সরদার বলেন, ‘আড়িয়াল খাঁ নদে পূর্ব সাহেবরামপুর এলাকা ও লঞ্চঘাট এলাকার প্রায় ১৫ একর ফসলি জমি, শতাধিক বসতবাড়ি বিলীন হয়ে গেছে। বর্তমানে নতুন করে দেড় কিলোমিটার এলাকায় ভাঙন শুরু হয়েছে। দ্রুত ভাঙন রোধ করা না গেলে সাধারণ মানুষ আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। এ জন্য আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি।’
পাউবো মাদারীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান বলেন, ইতিমধ্যে ওই সড়কের ৮০ মিটারে জিও ব্যাগ ফেলা হচ্ছে। পর্যায়ক্রমে আশপাশের এলাকায় ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভাঙনকবলিত পরিবারের তালিকা তৈরি করে সহায়তা করা হবে বলে জানিয়েছেন কালকিনির উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা। তিনি বলেন, ‘ভাঙন এলাকা পরিদর্শন করেছি। ভাঙনরোধে সব নির্দেশনা দেওয়া হয়েছে।’