
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ। ধানের শীষের প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির প্রার্থী আওরঙ্গজেব বেলাল পেয়েছেন ৪৫ হাজার ৭৯১ ভোট। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমান।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ৯২টি ভোটকেন্দ্রে ধানের শীষের প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে এলডিপির প্রার্থী আওরঙ্গজেব বেলাল পেয়েছেন ৪৫ হাজার ৭৯১ ভোট। এ আসনে মোট চারজন প্রার্থী ছিলেন।
বিএনপি থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলন থেকে নির্বাচনে অংশ নেওয়া শাহ নুরুল কবীর পেয়েছেন ৩২ হাজার ৭৩৪ ভোট। এ ছাড়া তিনবারের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির নেতা ফখরুল ইমাম পেয়েছেন ১ হাজার ৭১৯ ভোট।
এ আসনের ভোটার ছিলেন ৩ লাখ ৪৫ হাজার ৬২২ জন। ৯২টি কেন্দ্রে ১ লাখ ৯২ হাজার ৬৩২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের ৫৫ দশমিক ৭১ শতাংশ।
এবার প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন লুৎফল্লাহেল মাজেদ। নির্বাচনের ফল ঘোষণার আগমুহূর্তে লুৎফল্লাহেল মাজেদ নিজ ফেসবুকে পোস্টে বলেন, ‘কোনো মিছিল নয়, কোনো ফুল নয়, কোনো সহিংসতা নয়। যদি পাস করি, সবাই এসে বাসায় দুই রাকাত নফল নামাজ পড়ে যাবেন। এর ব্যতিক্রম সহ্য করা হবে না। কোনো ধরনের ফেসবুকে কারও চরিত্র হনন নয়। এগুলো সবকিছুই পরীক্ষা করা হবে এবং আপনার আগামীর রাজনৈতিক পদ পাওয়ার সময় আপনার আচরণ পরীক্ষা করা হবে।’