টাঙ্গাইলের সখীপুর

মাটির ঘরেই চলে পাঠদান

৩৭ বছর ধরে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলেও অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় আধুনিক শিক্ষাব্যবস্থা থেকে বঞ্চিত মাদ্রাসার ৪০০ শিক্ষার্থী।

সখীপুর উপজেলার হতেয়া মাওলানাপাড়া সালাফিয়া সিনিয়র মাদ্রাসায় মাটির ঘরে ঝুঁকিতে পাঠদান। সম্প্রতি তোলা
ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের সখীপুর উপজেলার দুর্গম এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠার ৪৮ বছর পার হলেও এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানটি পাকা ভবন নির্মাণের বরাদ্দ পায়নি। ফলে ঝুঁকিপূর্ণ মাটির ঘরেই চলছে পাঠদান। ৩৭ বছর ধরে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলেও অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় প্রযুক্তিগত আধুনিক শিক্ষাব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে ওই মাদ্রাসার চার শ শিক্ষার্থী।

উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের দক্ষিণ প্রান্তে হতেয়া গ্রামে প্রতিষ্ঠিত ওই মাদ্রাসার নাম মওলানাপাড়া সালাফিয়া সিনিয়র মাদ্রাসা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার হতেয়া গ্রামের বাসিন্দা প্রয়াত আবদুল হাই সালাফি ১৯৭৪ সালে মাদ্রাসাটি তাঁর নামে প্রতিষ্ঠা করেন। ওই বছরই এলাকার সম্মিলিত প্রচেষ্টায় টিনশেড একটি মাটির ঘর নির্মাণ করা হয়। এরপর শর্তপূরণ সাপেক্ষে মওলানাপাড়া সালাফিয়া সিনিয়র মাদ্রাসাটি প্রতিষ্ঠার ১১ বছর পর ১৯৮৫ সালে এমপিওভুক্ত হয়। ওই মাদ্রাসার আশপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো উচ্চবিদ্যালয় নেই। ওই মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হয়। বর্তমানে এই মাদ্রাসায় ১৮ জন শিক্ষক, ২ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীসহ ৩৯৪ জন শিক্ষার্থী রয়েছে।

সম্প্রতি মাদ্রাসায় গিয়ে দেখা যায়, মাঠের এক পাশে ৭০ হাত লম্বা জরাজীর্ণ একটি মাটির ঘর রয়েছে। ঝুঁকি নিয়েই ওই ঘরে ক্লাস করছে শিক্ষার্থীরা। ঝড়-বৃষ্টিতে যেকোনো সময় ভেঙে যেতে পারে ওই মাটির ঘর। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই পাঠদান করাচ্ছেন শিক্ষকেরা। অন্যপাশে জেলা পরিষদ থেকে বরাদ্দ পাওয়া দুই কক্ষের একটি টিনশেড পাকা ঘর রয়েছে। এর একটি কক্ষে শিক্ষকদের বসার ব্যবস্থা ও অন্য কক্ষে ছাত্রীদের মিলনায়তন কক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় ও দুর্গম এলাকায় থাকায় নতুন নিয়োগ পাওয়া শিক্ষকেরা এই মাদ্রাসায় যোগদান করতে চান না।

নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ শিক্ষক দুঃখ প্রকাশ করে বলেন, ‘অনেক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় শিক্ষার্থী নেই, তবুও চারতলা ভবন বরাদ্দ দেওয়া হয়েছে। আর আমাদের পর্যাপ্ত শিক্ষার্থী থাকার পরেও পাকা ভবন নেই। বসার জায়গা দিতে পারি না। আশপাশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেই পাকা ভবন আছে। আধুনিক যুগেও এ মাদ্রাসায় এখনো শিক্ষার্থীরা মাটির ঘরেই পড়াশোনা করছে। যা ভাবাই যায় না।’ ওই শিক্ষক দাবি করেন, শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা করে প্রতিষ্ঠানটিতে শিগগিরই পাকা ভবন বরাদ্দ দেওয়া প্রয়োজন।

দাখিল পরীক্ষার্থী মো. আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘আমাদের মাদ্রাসা ছাড়া বর্তমান সময়ে উপজেলায় কোনো স্কুল বা মাদ্রাসায় মাটির ঘর নেই। এই মাটির ঘরের মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হয়েছিলাম। এখন এবার দাখিল পরীক্ষা দেব। শিক্ষকদের মুখে শুধু শুনেই গেলাম আমাদের চারতলা বিল্ডিং হবে। কিন্তু কবে যে হবে, তা আল্লাই জানেন।’

মাদ্রাসা এলাকার বাসিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, উপজেলায় ২৮টি মাদ্রাসা এমপিওভূক্ত। ২৭টিতেই পাকা ভবন রয়েছে। অথচ পুরনো এ মাদ্রাসায় সরকারের শিক্ষা প্রকৌশল শাখার বরাদ্দের কোনো ছোঁয়া লাগেনি।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তালিবুর রহমান বলেন, ‘মাদ্রাসার অবকাঠামোগত উন্নত না থাকায় অনেক ছেলেমেয়ে ভর্তি হতে চায় না। বাধ্য হয়েই দীর্ঘদিনের পুরনো মাটির ঘরেই ক্লাস নিচ্ছি। ঘরের টিনের চাল মরচে ধরেছে, মাটির দেয়ালও ফেটে গেছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সবসময় শঙ্কায় থাকি।’

মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মো. আতিকুর রহমান বলেন, ২০২০ সালে স্থানীয় সংসদ সদস্য মহোদয় ওই মাদ্রাসার একটি অনুষ্ঠানে এসেছিলেন। তিনি এখানে একটি ভবন করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। চলতি অর্থবছরে বরাদ্দ পাওয়ার সম্ভবনা রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম বলেন, এই উপজেলায় একটিমাত্র মাদ্রাসাতেই মাটির ঘর আছে। প্রতিষ্ঠানের শুরুতেই নির্মাণ করা হয়েছিল। এই মাদ্রাসাটি ওই দুর্গম এলাকায় শিক্ষা বিস্তারে ভালো ভূমিকা রাখছে। শিক্ষার্থীর সংখ্যাও অনেক। শিক্ষার গুণগতমান আরও উন্নত করতে এই মাদ্রাসার জন্য একটি পাকা ভবন খুবই প্রয়োজন।