
নেত্রকোনার পূর্বধলায় ব্যবসায়ী আবদুল আজিজকে (৫০) হত্যার জন্য তাঁর ছেলে মো. তরিকুল ইসলাম ওরফে বিপ্লব (২১) ২০ হাজার টাকায় বন্ধুদের সঙ্গে চুক্তি করেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তরিকুল। পরে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের কুতুবপুর এলাকায় তরিকুল ও তাঁর বন্ধুরা আবদুল আজিজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রাখেন। আদালতে দেওয়া জবানবন্দিতে তরিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
গতকাল বুধবার সন্ধ্যায় নেত্রকোনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তরিকুল। আজ বৃহস্পতিবার সকালে নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ে থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ১ আগস্ট রাতে আবদুল আজিজকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আবদুল আজিজ পূর্বধলার শ্যামগঞ্জ বাজারে পোলট্রি খাদ্যের ব্যবসা করতেন।
আবদুল আজিজ হত্যার ঘটনায় ৩ আগস্ট তাঁর স্ত্রী বকুল বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গত মঙ্গলবার রাতে তরিকুলকে আটক করে। পরে তরিকুলকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তরিকুলের দেওয়া তথ্য অনুযায়ী আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুল আজিজের ছেলে মো. তরিকুল ইসলাম, প্রতিবেশী কাজল কর্মকারের ছেলে বিজয় কর্মকার (২২), এমদাদুল হকের ছেলে তরিকুল ইসলাম ওরফে রানা (২১) ও তারা মিয়ার ছেলে আজাহার মিয়া (৩২)।
আদালতে দেওয়া জবানবন্দিতে তরিকুল ইসলাম বলেন, তাঁর বাবা আবদুল আজিজ সব সময় তাঁকে চোখে চোখে রাখতেন। বন্ধুদের সঙ্গে মেলামেশা করলে শাসন করতেন। এ নিয়ে তিনি বাবার ওপর ক্ষুব্ধ ছিলেন। কয়েক দিন ধরে বাবার শাসনে অতিষ্ঠ হয়ে তাঁকে হত্যার জন্য কয়েকজন বন্ধুর সঙ্গে এ বিষয়ে পরিকল্পনা করেন। বাবাকে হত্যার বিনিময়ে বন্ধুদের সঙ্গে ২০ হাজার টাকার মধ্যে চুক্তি করেন।
ঘটনার এক সপ্তাহ আগে তরিকুল বাবার দোকান থেকে ১০ হাজার টাকা চুরি করে বন্ধুদের অগ্রিম টাকা দেন। সর্বশেষ ১ আগস্ট দোকান থেকে আরও ১ হাজার ৫০০ টাকা দেন। ওই টাকা দিয়ে তাঁরা একটি চায়নিজ কুড়াল কেনেন। ১ আগস্ট রাতে আবদুল আজিজ দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী রাত সাড়ে নয়টার দিকে তরিকুল তাঁর বাবাকে কল করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে কুতুবপুর এলাকায় নিয়ে তরিকুল ও তাঁর বন্ধুরা আবদুল আজিজকে কুপিয়ে সড়কের পাশে ফেলে রাখেন। কিছুক্ষণ পর তরিকুল বাড়িতে এসে বাবাকে খোঁজাখুঁজির অভিনয় করেন। পরে স্বজনেরা আবদুল আজিজকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ আগস্ট তিনি মারা যান।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকরর্তা মো. সাইফুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের দিকনির্দেশনায় অল্প সময়ের মধ্যে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আবদুল আজিজের ছেলে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার অন্য তিন ব্যক্তিও আজ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন।