অটোরিকশার ধাক্কায় ওসি নিহতের ১১ বছর পর চালকের তিন বছরের কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) ধাক্কায় মানিকগঞ্জ সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহত হওয়ার ১১ বছর পর চালককে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে এই রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আকতার হোসেন (৪০)। তাঁর বাড়ি নরসিংদী সদর উপজেলায়। তিনি মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা গ্রামে ভাড়া থাকতেন। তিনি ব্যাটারিচালিত ইজিবাইক চালাতেন। রায় ঘোষণার সময় আকতার আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১১ সালের ৩০ আগস্ট সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ইজিবাইকে যাত্রী নিয়ে জেলা শহরে যাচ্ছিলেন আকতার হোসেন। শহরের খালপাড় এলাকায় ইজিবাইকের ধাক্কায় মানিকগঞ্জ সদর থানার তৎকালীন ওসি আবু তাহের গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ এসে আবু তাহেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পরে এ ঘটনায় সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আশিষ কুমার মৌত্র বাদী হয়ে ইজিবাইকের চালক আকতারকে আসামি করে সদর থানায় মামলা করেন। এরপর আসামি আকতারকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ২০১১ সালের ২৫ আগস্ট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এ মামলায় আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনায় ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মথুরনাথ সরকার এবং আসামিপক্ষে ছিলেন প্রবীণ আইনজীবী সাখাওয়াত হোসাইন খান।