ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন শিমুল বিশ্বাসসহ বিএনপির ৩ নেতা

শিমুল বিশ্বাস
ফাইল ছবি

প্রায় দুই মাস কারাভোগের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন।

আজ বুধবার বেলা আড়াইটার দিকে এ বি এম মোশাররফ হোসেন ও অধ্যাপক আমিনুর রহমান এবং বেলা সাড়ে তিনটার দিকে শিমুল বিশ্বাসকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তাঁদের মুক্তি উপলক্ষে সকাল থেকে কারাগারের প্রধান ফটকের সামনে অপেক্ষায় ছিলেন বিএনপির সহস্রাধিক নেতা-কর্মী।

দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে সরেজমিন দেখা যায়, বেলা দেড়টার দিকে বিএনপির নেতা শিমুল বিশ্বাস, এ বি এম মোশাররফ হোসেন, আমিনুর রহমানসহ বিএনপির কিছু নেতা-কর্মীর জামিনের কাগজপত্র তাঁদের আইনজীবীদের মাধ্যমে কারাগারে পৌঁছায়। কারা কর্তৃপক্ষ জামিনের কাগজপত্র যাচাই–বাছাই করে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে তাঁদের মুক্তি দেয়। প্রথমে এ বি এম মোশাররফ হোসেন, আমিনুর রহমান ও শিমুল বিশ্বাসকে একে একে কারাগার থেকে বের হয়ে আসতে দেখা যায়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ চন্দ্র ঘোষ বলেন, দুপুরের দিকে বিএনপির নেতাদের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। এসব কাগজপত্র যাচাই–বাছাই করে বেলা আড়াইটার দিকে এ বি এম মোশাররফ হোসেন, আমিনুর রহমান এবং বেলা সাড়ে তিনটার দিকে শিমুল বিশ্বাসকে মুক্তি দেওয়া হয়।

গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শিমুল বিশ্বাসসহ আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। ১ মাস ২৪ দিন পর তাঁরা জামিনে মুক্তি পেলেন। গত সোমবার তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন হাইকোর্ট। কারাগারে থাকা অবস্থায় ১১ জানুয়ারি মারা যান শিমুল বিশ্বাসের মা খাদেজা বিশ্বাস। তখন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন বিএনপির এই নেতা।