বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে নিখোঁজ ৩২ বাংলাদেশি জেলেকে ভারতীয় জলসীমা থেকে উদ্ধারের পর বাংলাদেশে ফেরত পাঠিয়েছে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনী। আজ মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরে দুই দেশের সমুদ্রসীমায় বাংলাদেশ কোস্টগার্ডের কাছে ওই জেলেদের হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) ও মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় এই জেলেরা মোংলার কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে পৌঁছেছেন।
বৈরী আবহাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবির পর ড্রাম ধরে টানা দুই দিন ভাসতে থাকার পর উত্তাল বঙ্গোপসাগর থেকে ওই জেলেদের উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড।
কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈরী আবহাওয়া ও ইঞ্জিনের ত্রুটির কারণে বাংলাদেশি মাছ ধরা ট্রলার এফভি জান্নাতুল ফেরদৌস, এফভি আব্দুল্লাহ-১ ও এফভি মায়ের দোয়া ভাসতে ভাসতে ভারতীয় সমুদ্রসীমায় চলে যায়। সেখানে ডুবে যাওয়া ওই ট্রলারের জেলেদের ২০ ও ২১ আগস্ট উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড। তাঁদের মধ্যে ২০ আগস্ট সকালে ভারতের জলসীমা থেকে প্রথম ১০ জন বাংলাদেশি জেলে উদ্ধার করে তারা। তাঁদের মাধ্যমে আরও জেলে নিখোঁজের খবর পেয়ে টহল জোরদার করে ভারতীয় কোস্টগার্ড। পরদিন তারা আরও ২২ জন জেলেকে উদ্ধার করে।
উদ্ধার ৩২ জেলেকে ভারতীয় কোস্টগার্ড মঙ্গলবার বাংলাদেশ-ভারত সমুদ্রের নিয়ন্ত্রণরেখায় বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। পরে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ অপরাজেয় বাংলার মাধ্যমে জেলেদের মোংলা সদর দপ্তরে আনা হয়। উদ্ধার জেলেদের বাড়ি পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলায়। রাতেই তাঁদের স্বজনদের কাছে হস্তান্তরের কথা রয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের এক কর্মকর্তা ওই জেলেদের উদ্ধৃত করে বলেন, ১৫ আগস্ট সমুদ্রে মাছ আহরণের উদ্দেশ্যে যাত্রা করেন ওই জেলেরা। এরপর ১৮ ও ১৯ আগস্ট ঝড়ের কবলে পড়ে তাঁদের মাছ ধরার ট্রলার ইঞ্জিন বিকল হয়ে পানি ঢুকে পড়ে। ওই সময় বেশ কয়েকটি ট্রলারই ডুবে যায়। এ অবস্থায় তারা ড্রাম ধরে সাগরে ভাসতে থাকেন।