সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

চট্টগ্রামে গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. সিফাত (২৮)। তিনি মুরাদপুর ইউনিয়নের পূর্ব মুরাদপুর (ঢালিপাড়া) এলাকার মৃত আবুল বশরের ছেলে।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ আবদুল হাকিম আজাদ প্রথম আলোকে বলেন, রাতে বাড়বকুণ্ড বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন সিফাত। মহাসড়কের ঢাকামুখী লেন ধরে হাতিলোটা রাস্তার মাথা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মারা যান সিফাত। তাঁর মোটরসাইকেলটিও দুমড়েমুচড়ে যায়।

আবদুল হাকিম আজাদ আরও বলেন, দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। যে গাড়িটির ধাক্কায় সিফাতের মৃত্যু হয়েছে, তা শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।