
জ্বালানিসংকট মোকাবিলায় বিরোধী দলের পক্ষ থেকে একটি বিশেষজ্ঞ দল গঠনের প্রস্তাব সরকার গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাঁর দাবি, জ্বালানি ও বিদ্যুৎ-সংকটে দেশের শিল্প খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছয় মাসেও সরকার সংকট মোকাবিলায় কার্যকর বিকল্প ব্যবস্থা নিতে পারেনি।
আজ শনিবার বেলা ১১টার দিকে বগুড়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন শফিকুর রহমান।
দেশে গ্যাস, তেল ও জ্বালানির সংকট আছে জানিয়ে বিরোধীদলীয় এই নেতা বলেন, ‘আমরা সংসদে বলেছি, এর সমাধানে অংশ নিতে চাই। আমাদের একটা বিশেষজ্ঞ দল আছে। তাদের সমন্বয়ে সরকারকে বিশেষজ্ঞ দল গঠনের প্রস্তাব দিয়েছি, কিন্তু সাড়া মেলেনি।’
শফিকুর রহমান বলেন, নির্ধারিত সময়ে সরকার বিকল্প ব্যবস্থা নিলে পরিস্থিতি এতটা জটিল হতো না। সরকারকে সহযোগিতা করতে চেয়েছিল বিরোধী দল। কিন্তু সেই প্রস্তাব গ্রহণ না করায় জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো লংমার্চের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছে।
বিদ্যুৎ–সংকট নিয়েও অভিযোগ করে জামায়াতের আমির বলেন, সরকার শুরুতে সংকটের বিষয়টি অস্বীকার করেছে। অথচ বর্তমানে জ্বালানি ও বিদ্যুৎ-সংকটের কারণে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে শিল্প খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। জ্বালানি সরবরাহের সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি অর্থনীতিতে এর প্রভাব আরও বাড়তে পারে।
ভৌগোলিক অবস্থানের কারণে বগুড়া যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র। একসময় জেলাটিকে ‘মিনি শিল্পনগরী’ বলা হতো। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও এখানে প্রত্যাশিত শিল্পায়ন হয়নি।শফিকুর রহমান, সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির
বিদ্যুৎ–সংকট নিয়ে অভিযোগ করে শফিকুর রহমান বলেন, বিদ্যুৎ–সংকটের বিষয়টিও সরকার শুরুতে অস্বীকার করেছে। অথচ বর্তমানে জ্বালানি ও বিদ্যুৎ–সংকট দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে শিল্প খাত এ সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁর মতে, জ্বালানি সরবরাহে সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন ব্যাহত হয় এবং দেশের অর্থনীতিতেও এর প্রভাব বাড়ে।
বগুড়ার শিল্পায়ন ও উন্নয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াতের আমির বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বগুড়া যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র। একসময় জেলাটিকে ‘মিনি শিল্পনগরী’ বলা হতো। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও এখানে প্রত্যাশিত শিল্পায়ন হয়নি।
মতবিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে শফিকুর রহমান বগুড়া জেলা ও মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পরে তিনি শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের নির্মাণকাজের উদ্বোধন করেন।