লাশ
লাশ

বগুড়ায় সেচপাম্পের পাশে ধানখেতে পড়ে ছিল কৃষকের রক্তাক্ত লাশ

বগুড়ার গাবতলী উপজেলায় এক সেচপাম্পে পাহারায় থাকা আবদুল লতিফ (৭০) নামের একজন কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের শালমারা মাঠে অগভীর নলকূপের পাহারায় থাকা আবদুল লতিফকে কুপিয়ে হত্যার পর লাশটি পাশের ধানখেতে ফেলে দেয়।

আজ রোববার সকালে মাঠে কাজ করতে যাওয়া স্থানীয় কৃষকেরা ধানখেতে লাশ পড়ে থাকতে দেখে গাবতলী মডেল থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আবদুল লতিফ গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় ও গাবতলী মডেল থানা পুলিশের সূত্রে জানা গেছে, গাবতলীর কৃষক আবদুল লতিফ তাঁর অগভীর নলকূপের সেচপাম্প পাহারা দিতে শনিবার রাতে বাড়ি থেকে বের হন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে এবং লাশটি পাশের ধানখেতে ফেলে রেখে যায়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব হোসেন প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে সেচপাম্প পাহারা দিতে যাওয়া কৃষক আবদুল লতিফকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম পাওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।