চুয়াডাঙ্গায় অটোরিকশার ধাক্কায় আইনজীবী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক আইনজীবী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় এলাকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইনজীবীর নাম মনজুর আহমেদ (৫৮)। তাঁর বাড়ি আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় এলাকায়।

নিহত মনজুর আহমেদের সহকর্মী আইনজীবী মানিক আকবর প্রথম আলোকে বলেন, মনজুর আহমেদ আজ ভোরে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে দৌলাতদিয়াড় এলাকার বাসা থেকে বের হন। রাস্তা পারাপারের সময় চুয়াডাঙ্গামুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশা সজোরে ধাক্কা দিলে মনজুর রাস্তার ওপর পড়ে যান এবং মাথায় আঘাত পান। স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। পরে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী নেওয়ার পথে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে ঘোড়ামারা এলাকায় মনজুর মারা যান।

আইনজীবী মনজুর আহমেদের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান।