সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের হিল ডাউন সার্কিট হাউসের সন্মেলন কক্ষে
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের হিল ডাউন সার্কিট হাউসের সন্মেলন কক্ষে

শিগগিরই মাদক কারবারিদের তালিকা হালনাগাদ, এরপর গ্রেপ্তার অভিযান: কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

শীর্ষ মাদক কারবারিদের তালিকা শিগগিরই হালনাগাদ করা হবে। এরপর মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের হিল ডাউন সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইয়াবাসহ মাদক চোরাচালানের অন্যতম রুট হিসেবে কক্সবাজারের নাম সবার মুখে মুখে। সীমান্ত দিয়ে আসা এই ইয়াবা সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাতে দেশের যুবসমাজের বড় একটি অংশ ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক চোরাচালান রোধে শিগগিরই শীর্ষ মাদক চোরাচালানকারী, গডফাদার ও সহযোগীদের হালনাগাদ তালিকা তৈরি করা হবে। এরপর গ্রেপ্তার অভিযান চলবে।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে সম্মেলনকক্ষে জেলা মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়নসংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র‌্যাব, পুলিশ, জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংস্কারের বিষয়ে নানা সিদ্ধান্ত এসেছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত জেলা টাস্কফোর্স কমিটি থেকেও মাদক চোরাচালান নিয়ন্ত্রণের বিষয়ে কিছু সিদ্ধান্ত এসেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টাস্কফোর্স কমিটির সিদ্ধান্তমতে শিগগিরই শীর্ষ মাদক কারবারিদের তালিকা তৈরি, উখিয়া-টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের অভ্যন্তরে মাদক চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত, আশ্রয়শিবিরের অচল সিসিটিভি ক্যামেরা পুনঃস্থাপন, উখিয়া-টেকনাফের যেসব স্থান দিয়ে মাদক চোরাচালান হচ্ছে সেখানে যৌথ বাহিনীর ক্যাম্প (চৌকি) স্থাপন, সাগর ও নদীপথে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধিসহ নানা পদক্ষেপ নেওয়া হবে।

জেলা মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়নসংক্রান্ত সভায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি অপহরণ বাণিজ্যসহ সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রোধে টেকনাফের বাহারছড়া ইউনিয়নে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের দাবি জানান। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাহারছড়ার পাহাড়ে মানুষ অপহরণ, জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনা যেকোনো মূল্যে বন্ধ করতে হবে। আমরা জেনেছি, অপহরণের সঙ্গে মাদক চোরাকারবারিদের সংশ্লিষ্টতা রয়েছে। হয়তো লেনদেনের বিষয়ও থাকতে পারে। সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে পৃথক ক্যাম্প করা যায় কি না দেখা হচ্ছে। আমরা আর অপহরণ দেখতে চাই না।’

দুই দিনের সরকারি সফরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাত আটটায় তিনি হিল ডাউন সার্কিট হাউসের সভায় যোগ দেন।