ভবনের দেয়ালের রঙের প্রলেপ উঠে গেছে অনেক আগে। প্রায়ই খসে পড়ে পলেস্তারা। শ্রেণিকক্ষের মেঝের কোথাও কোথাও উঠে গেছে ঢালাই।

বিদ্যালয়টির দুটি ভবন। মূল ভবনটি দোতলা, অপরটি একতলা। কিন্তু ভবন দুটির অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। উঠে গেছে দেয়ালের রং, খসে পড়ছে পলেস্তারা। ফাটল দেখা দিয়েছে দেয়াল, ছাদ, পিলার ও বিমে। কিন্তু কোনো উপায় না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। এমন চিত্র বটতলী সিরাজ উদ্দিন আহম্মদ উচ্চবিদ্যালয়ের। বিদ্যালয়টি কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নে বটতলী এলাকায় অবস্থিত।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, বটতলী বাজার সড়কের পাশেই বিদ্যালয়টি। বিদ্যালয় চত্বরের পশ্চিম দিকে দুটি ভবনই সড়কঘেঁষা। বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্বিতল মূল ভবনের ওপরতলার চারটি শ্রেণিকক্ষই বন্ধ রয়েছে। নিচতলার চার কক্ষের মধ্যে দুটিতে চলে পাঠদান। বাকি একটি কক্ষে বসেন প্রধান শিক্ষক। অপরটি শিক্ষকদের মিলনায়তন।
বিদ্যালয়ের ভবন এমন ঝুঁকিপূর্ণ হওয়ায় সন্তানকে পড়তে পাঠিয়ে আতঙ্কে থাকি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও বিদ্যালয়ের ভবনগুলা সংস্কার করা হচ্ছে না।আক্তার হোসেন, অভিভাবক
মূল ভবনের উত্তর পাশে একতলা ভবনে রয়েছে চারটি কক্ষ। সব কটিই ঝুঁকিপূর্ণ। তবে এসবে চলে নিয়মিত পাঠদান। পাশের সড়ক দিয়ে যানবাহন চলাচলের সময় বিদ্যালয়ের একতলা ভবনের জানালা দিয়ে প্রচুর ধুলাবালু ঢোকে। এ জন্য জানালাগুলো সব সময় বন্ধ রাখা হয়। দুটি ভবনেরই একই হাল। দেয়ালের রঙের প্রলেপ উঠে গেছে অনেক আগে। প্রায়ই খসে পড়ে পলেস্তারা। শ্রেণিকক্ষের মেঝের কোথাও কোথাও উঠে গেছে ঢালাই। ফাটল দেখা গেছে ভবনের দেয়াল, ছাদ, পিলার ও বিমে।
বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাজ্জাত হোসাইন বলে, ‘বিদ্যালয়ের ভবনের অবস্থা ভালো না। আমাদের ক্লাসে ঢুকতে ভয় লাগে। উপায় না থাকায় বাধ্য হয়ে আতঙ্কে ক্লাস করতে হয়।’ নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের অপর এক শিক্ষার্থী বলে, ‘আমি এই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিলাম। তখন থেকেই বিদ্যালয়ের ভবনের ফাটল ছিল। এখন আমি অষ্টম শ্রেণিতে পড়ছি। এত দিন ঝুঁকি নিয়ে আমরা ক্লাস করেছি। এ ভাঙা কক্ষে পড়তে আমাদের অনেক ভয় লাগে।’
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৬৩ সালে স্থানীয় বাসিন্দা আবদুল জলিল মাস্টার ও রমিজ উদ্দিন আহমেদের দান করা প্রায় ১ একর ৭৫ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠা করা হয় বটতলী উচ্চবিদ্যালয়। উচ্চবিদ্যালয়টি একসময় অর্থসংকটে পড়ে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। দেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পর তৎকালীন ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহম্মদের চেষ্টা ও অর্থায়নে বিদ্যালয়ের অবস্থার উন্নতি হয়। পরবর্তী সময়ে বিদ্যালয়ের নামকরণ করা হয় বটতলী সিরাজ উদ্দিন আহম্মদ উচ্চবিদ্যালয়। তখনই নির্মাণ করা হয় ভবন দুটি। সময়ের সঙ্গে এগুলো এখন নড়বড়ে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৪০০। শিক্ষক আছেন ১৬ জন। এর মধ্যে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) শিক্ষক ১০ জন।
ভবন প্রসঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কবির হোসেন বলেন, ‘বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য গত বছরের ৩ ফেব্রুয়ারি ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম শিক্ষামন্ত্রী বরাবর ডিও লেটার (চাহিদাপত্র) দিয়েছেন। এ বিষয়ে একাধিকবার উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের জানানো হয়েছে, ছয় মাসের মধ্যে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে।’
এই বিদ্যালয়ে শিক্ষার্থী পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকেরা। আক্তার হোসেন নামের এক অভিভাবক বলেন, ‘বিদ্যালয়ের ভবন এমন ঝুঁকিপূর্ণ হওয়ায় সন্তানকে পড়তে পাঠিয়ে আতঙ্কে থাকি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও বিদ্যালয়ের ভবনগুলা সংস্কার করা হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে সন্তানকে অন্য বিদ্যালয়ে বদলি করা ছাড়া উপায় থাকবে না।’
ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকদের মতো শিক্ষকেরাও উদ্বিগ্ন। তবে কোনো বিকল্প নেই তাঁদের। প্রধান শিক্ষক আইনুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ভবন কয়েক বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বছরখানেক ধরে মূল ভবনের দ্বিতীয় তলার চারটি কক্ষে পাঠদান বন্ধ রয়েছে। অপর একতলা ভবনটিও জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। বিকল্প উপায় না থাকায় বাধ্য হয়েই শিক্ষার্থীদের এসব ভবনে পাঠদান করা হচ্ছে।
বিদ্যালয়টির বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল বলেন, বিদ্যালয়ের ভবন দুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। নতুন ভবন নির্মাণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। দরপত্র (টেন্ডার) হলে শিগগিরই নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে।