বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আজ মঙ্গলবার বিকেলে প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী
ছবি: প্রথম আলো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ সব ফটকে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন একদল শিক্ষার্থী। একই সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের সামনের সোনাপুর-চর জব্বর সড়ক অবরোধ করেন। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে তাঁরা এসব কর্মসূচি শুরু করে।

ফটকগুলোতে তালা দেওয়ার কারণে বিকেল চারটার পর বিশ্ববিদ্যালয় থেকে কোন যানবাহন শহরের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। এতে বিশ্ববিদ্যালয়ের শত শত সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাসে আটকা পড়েন। সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ চলছিল। খবর পেয়ে সুধারাম থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি শান্ত করার চেষ্টা করছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ আবদুস সালাম হলে দুই দল ছাত্রের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষা, সমাজবিজ্ঞান ও ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স বিভাগের তিনজন শিক্ষার্থীকে সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ তিন বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় আরও তিনজনকে কারণ দর্শানোর নোটিশ ও সতর্ক করা হয়। এ ছাড়া আরও একটি ঘটনায় অপর এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বহিষ্কারসহ নানা শাস্তিমূলক ব্যবস্থার বিষয়ে নোটিশ জারি করার পর বহিষ্কৃত শিক্ষার্থী ও তাঁদের সহপাঠীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিকেল চারটার দিকে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ সব ফটক তালা দিয়ে বন্ধ করে দেয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আন্দোলনরত শিক্ষার্থীরা  বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতে থাকে। খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে ছুটে যান প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুরসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা। তাঁরা শিক্ষার্থীদের শান্ত করতে ব্যর্থ হন। বিকেল পাঁচটার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সোনাপুর-চর জব্বর সড়কেও যানবাহন চলাচল বন্ধ করে দেন।

এই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী আবদুল্লাহ আল মাসুদ প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তুচ্ছ ঘটনায় অনেক বেশি শাস্তি দিয়েছেন শিক্ষার্থীদের। এতে শাস্তি পাওয়া শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংস হওয়ার উপক্রম হয়েছে, যা কোনোভাবেই কাম্য হতে পারে না। তাই শিক্ষার্থীরা বাধ্য হয়ে তাঁদের ওপর চাপিয়ে দেওয়া শাস্তি প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছে। শাস্তির আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। তবে যাঁদের নকলের দায়ে শাস্তি দেওয়া হয়েছে, সে বিষয়ে তাঁদের (আন্দোলনকারী) কোনো বক্তব্য নেই।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জসিম উদ্দীন প্রথম আলোকে বলেন, বিষয়টি মীমাংসার জন্য প্রক্টরিয়াল বডির সদস্যরা চেষ্টা করছেন। তবে কতজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।
প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর প্রথম আলোকে বলেন, দুই পক্ষের মারামারির ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা বোর্ডের সুপারিশের ভিত্তিতে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছেন। বিষয়টি তাঁরা সুরাহা করার চেষ্টা করছেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনার পর শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক বন্ধ করে দিয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দেখছেন। এরপর ঘটনাস্থলে পুলিশের একটি দল মোতায়েন রয়েছে।