দলীয় গঠনতন্ত্র না মেনে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বিকেল চারটায় সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের একাংশ এ অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন। তিনি বক্তব্যে জানান, যুক্তরাজ্য বিএনপির সাবেক নেতা মো. হিরন মিয়াকে কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে। এ কমিটি বাতিল করা না হলে তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীরা লাগাতার আন্দোলন করবে।
লিখিত বক্তব্যে বলা হয়, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছে ২০০৫ সালে। ওই সম্মেলনে মফিজুর রহমান বাদশা সভাপতি ও মো. নিজাম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ২০১৯ সালের ২৪ নভেম্বর সম্মেলন হলেও কাউন্সিল হয়নি। সম্মেলনের এক দিন পর নিজামকে সভাপতি ও হিরনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। তবে সে সময় হিরন যুক্তরাজ্যের কর্টন শহর বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন অভিযোগ উঠলে ওই কমিটি ঘোষণার দুই দিনের মাথায় বাতিল হয়।
আমির উদ্দিন বক্তব্যে আরও জানান, আগের কমিটি বাতিলের পর মফিজুর রহমানকে আবার সভাপতি ও নিজাম উদ্দিনকে সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়। এরপর গত রোববার রাতে হঠাৎ করেই মো. নিজাম উদ্দিনকে সভাপতি ও মো. হিরন মিয়াকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কমিটিতে মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরন মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু হিরন মিয়া যুক্তরাজ্যে অবস্থানকালে ২০১৫ থেকে ২০১৬ সালে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। যুক্তরাজ্যে তিনি পদধারী নেতাও ছিলেন।
সদর উপজেলা আওয়ামী লীগের কোনো পর্যায়ের সদস্যও নন হিরন মিয়া। হঠাৎ করেই তিনি সাধারণ সম্পাদক হয়েছেন। এভাবে তৃণমূল নেতা-কর্মীরা প্রত্যাখ্যান করেছেন। অবিলম্বে এ কমিটি বাতিল ঘোষণা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সদর উপজেলা আওয়ামী লীগের কোনো পর্যায়ের সদস্যও নন হিরন মিয়া। হঠাৎ করেই তিনি সাধারণ সম্পাদক হয়েছেন। এভাবে তৃণমূল নেতা-কর্মীরা প্রত্যাখ্যান করেছেন। অবিলম্বে এ কমিটি বাতিল ঘোষণা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
মো. হিরন মিয়া তাঁর বিরুদ্ধে আনা বিএনপির রাজনীতি করার অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘শুধু মুখ দিয়ে অভিযোগ করলেই হয় না, তথ্যপ্রমাণও লাগে। আমাকে হেয়প্রতিপন্ন করতে একটা মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপচেষ্টা করছে। আমি আওয়ামী লীগের মানুষ।’
সংবাদ সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহানুর, কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন ও শাহাব উদ্দিন আহমদ, জেলা তাঁতী লীগ নেতা মো. আবদুস সালাম, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সদর উপজেলা শাখার নেতা মো. ইফতেখার হোসেন, সদর উপজেলা যুবলীগ নেতা সমর উদ্দিন, যুবলীগ কর্মী রাইসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘হিরন মিয়া দুইবার নৌকা প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। তিনি আওয়ামী লীগের মানুষ বলেই কমিটিতে স্থান দেওয়া হয়েছে। অযথা কেউ যেন এটা নিয়ে বিতর্ক তৈরি না করেন।