কক্সবাজার সৈকতে কটেজের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

কক্সবাজার সমুদ্রসৈকতের ওশানিয়া নামে একটি কটেজের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টায় দিকে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসের প্রভাবে তাঁরা মারা যান।

নিহতেরা হলেন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়ার মো. তৈয়ুবের ছেলে আবুল হাশেম (৪৫) এবং কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জেলগেট এলাকার আবদুল মোনাফের ছেলে নুরুল হুদা (২৫)।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে (বিষক্রিয়ায়) ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত মৃত্যুর ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। কাউকে আটকও করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।

স্বজনদের অভিযোগ, শ্রমিকেরা সেপটিক ট্যাংকের অবস্থা বেগতিক দেখে নামতে অনীহা প্রকাশ করেছিলেন। কিন্তু ঠিকাদার আবুল হোসেন ধমক দিয়ে দুই শ্রমিককে ট্যাংকে নামতে বাধ্য করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সৈকতের লাইটহাউস এলাকায় নির্মিত ওশানিয়া কটেজে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান পাহাড়তলী এলাকার আবুল হোসেনের নেতৃত্বে কয়েকজন শ্রমিক। বেলা ১১টার দিকে প্রথমে সেপটিক ট্যাংকের ভেতরে নামানো হয় শ্রমিক নুরুল হুদাকে। বিষাক্ত গ্যাসের প্রভাবে তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়লে নামানো হয় আবুল হাশেমকে। তিনিও সেখানে অসুস্থ হয়ে পড়ে থাকলে হইচই শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সেপটিক ট্যাংকের ওপরের ছাদ (ঢাকনা) ভেঙে মুমূর্ষু অবস্থায় নুরুল হুদা ও আবুল হাশেমকে ওপরে তোলা হয়। এরপর দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

নিহতদের স্বজনদের অভিযোগ, কাজের ঠিকাদার পাহাড়তলীর আবুল হোসেনের অবহেলায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিকেরা সেপটিক ট্যাংকের অবস্থা বেগতিক দেখে নামতে অনীহা প্রকাশ করেছিলেন। কিন্তু আবুল হোসেন ধমক দিয়ে দুই শ্রমিককে ট্যাংকে নামতে বাধ্য করেন। ঘটনার পর থেকেই ঠিকাদার আবুল হোসেন ও কটেজের মালিক উধাও রয়েছেন। তাঁদের মুঠোফোনও বন্ধ রয়েছে।