আশুগঞ্জে ধান-চাল পরিবহনে বাড়ানো হলে ট্রাকের ভাড়া, ধর্মঘট প্রত্যাহার

ধান পরিবহনে ট্রাকের ভাড়া বাড়ানোর দাবিতে পরিবহনমালিক ও শ্রমিক ধর্মঘটের ডাক দেওয়ায় এভাবে পড়ে থাকে ধান ও চাল। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধান ও চালের মোকামে
ছবি: প্রথম আলো

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধান-চাল পরিবহনে ট্রাকের ভাড়া বাড়ানোর দাবিতে চলা ধর্মঘট অবশেষে প্রত্যাহার করেছেন ট্রাকের মালিক ও শ্রমিকেরা। প্রশাসনের হস্তক্ষেপে ৬৪ ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহার করা হলো।

আজ সোমবার বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ইউএনওর সঙ্গে ট্রাকের মালিক-শ্রমিক ও ধান-চাল ব্যবসায়ী সমিতির বৈঠক হয়। বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

গত শনিবার থেকে আশুগঞ্জে এই ধর্মঘট শুরু হয়। এতে আশুগঞ্জ উপজেলার মেঘনা নদীর তীরে পূর্বাঞ্চলীয় ধানের মোকাম, উপজেলার তিন শতাধিক চাতালকল ও আশুগঞ্জ খাদ্য অধিদপ্তরের চাল ট্রাকে পরিবহন বন্ধ হয়ে যায়। বর্তমান ভাড়ার সঙ্গে বস্তাপ্রতি দেড় থেকে আড়াই টাকা বাড়ানোর সিদ্ধান্তে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

ইউএনও অরবিন্দ বিশ্বাস প্রথম আলোকে বলেন, বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত উভয় পক্ষের সঙ্গে তাঁর কার্যালয়ে ফলপ্রসূ সভা হয়। সভায় আগের মূল্যের সঙ্গে বস্তাপ্রতি দেড় থেকে আড়াই টাকা করে বেশি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে ট্রাকের ভাড়ায় আশুগঞ্জের মেঘনা নদীর বিওসি ঘাট (ধানের মোকাম) থেকে সোনারামপুর পর্যন্ত বস্তাপ্রতি দেড় টাকা, বিশ্বরোড পর্যন্ত দুই টাকা এবং সুহিলপুর পর্যন্ত আড়াই টাকা করে বেশি দিতে হবে।

ধর্মঘটের কারণে উপজেলার তিন শতাধিক চাতালকল ও আশুগঞ্জ খাদ্য অধিদপ্তরের চাল পরিবহন বন্ধ হয়ে পড়ে।

জেলা ট্রাক মালিক গ্রুপ সমিতির আশুগঞ্জ শাখার সভাপতি বাবুল সরকার বলেন, সভার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ট্রাকে ধান-চাল পরিবহন শুরু হয়েছে।

ধান-চাল ব্যবসায়ীরা জানান, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে আশুগঞ্জ উপজেলায় ধানের মোকাম ও চালকলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ধান-চাল পরিবহনে ট্রাকের ভাড়া বাড়ানোর দাবিতে শনিবার ট্রাকের মালিক ও শ্রমিকেরা ধর্মঘটের ডাক দেন। এতে মোকামে ধানের বেচাকেনা বন্ধের পাশাপাশি ট্রাকে ধান পরিবহন বন্ধ আছে। পাশাপাশি উপজেলার তিন শতাধিক চাতালকল ও আশুগঞ্জ খাদ্য অধিদপ্তরের চাল পরিবহন বন্ধ হয়ে পড়ে। এর ফলে কর্মহীন হয়ে পড়েন মোকামের প্রায় এক হাজার শ্রমিক।

লোকসানের কারণ দেখিয়ে ট্রাকমালিক-শ্রমিকেরা মোকাম থেকে ধান পরিবহন বন্ধ করেন। প্রতি বস্তা ধান পরিবহনে ৩ টাকা ৬৫ পয়সা থেকে ৬ টাকা ৯০ পয়সা পর্যন্ত বাড়ানোর দাবিতে ধর্মঘট করেন তাঁরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউএনও অরবিন্দ বিশ্বাসের নেতৃত্বে আজকের আলোচনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলার ধান-চাল ব্যবসায়ী সমিতির সভাপতি জারু মিয়া, জেলা অটোরাইস মিল মালিক সমিতির সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক স্বপন ভূঁইয়া, জেলা ট্রাক মালিক গ্রুপ সমিতির আশুগঞ্জ শাখার সভাপতি বাবুল সরকার, জেলা ট্রাক শ্রমিক সমিতির সভাপতি মাহলম মিয়া প্রমুখ।