
খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ লঞ্চঘাট থেকে খুঁটিঘাটা খেয়াঘাট পর্যন্ত বেড়িবাঁধের রাস্তা ধরে এগোলে কপোতাক্ষ নদের পাড়ে চোখে পড়ে ঘন গাছপালার সবুজ বন। বনে রয়েছে গোলপাতা, কেওড়া ও গেওয়াগাছ। গত বছর শীতের মৌসুমে নদের চরে ছিল পরিযায়ী পাখিদের ভিড়। সকালে বনের পার্শ্ববর্তী গোবরা গ্রামের বাসিন্দাদের ঘুম ভাঙত ওই পাখিদের ডাকে। সন্ধ্যাবেলা পাখি দেখতে মদিনাবাদ লঞ্চঘাটে ভিড় করতেন মানুষ। কিন্তু এবার আর দেখা মিলছে না শীতের অতিথিদের। এখন পর্যন্ত ২০-২৫টি পাখির দেখা মিলেছে বলে জানিয়েছেন স্থানীয় পরিবেশপ্রেমী সংগঠন মানবকল্যাণ ইউনিটের সদস্যরা।
কয়রা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাহারুল ইসলাম বলেন, ‘এখন শীত পড়ছে কম। আগে শীতের তীব্রতা বেশি ছিল। লাইবেরীয় অঞ্চল থেকে যেসব পাখি আমাদের দেশে আসে, তারা গরম সহিষ্ণু নয়। যে কারণে পাখি কম আসতে পারে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে এ অঞ্চলে লবণাক্ততার পরিমাণ বেড়ে গেছে। এর প্রভাব ইতিমধ্যে পরিবেশের ওপর পড়তে শুরু করেছে। এসব কারণে পরিযায়ী পাখি কম আসছে। নদীবেষ্টিত এলাকায় লবণপানির মাছের ঘের হওয়ায় পাখির বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে।’
কয়রা পরিবেশপ্রেমী সংগঠন মানবকল্যাণ ইউনিটের সভাপতি আল-আমিন ফরহাদ বলেন, উপকূলীয় এলাকায় গত কয়েক বছর বুলবুল, আম্পান, ইয়াস ও সিত্রাংয়ের মতো ঘূর্ণিঝড় আঘাত হানায় কয়রায় পাখির আবাসস্থল বলে পরিচিতি গাছগুলোর অনেকটা মরে যাচ্ছে। পরিযায়ী পাখিকে টিকিয়ে রাখতে সংগঠনটির পক্ষ থেকে গাছে মাটির পাত্র বেঁধে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তাঁরা।
সম্প্রতি সরেজমিনে উপজেলার ৬ নম্বর কয়রা লঞ্চঘাট থেকে উত্তর বেদকাশীর হরিহরপুর গ্রাম ঘুরে দেখা যায়, গ্রামের পাশ দিয়ে চলে গেছে একটি সড়ক। সড়কের এক পাশে জনবসতি ও অন্য পাশে শাকবাড়িয়া নদী। সড়কটি পানি উন্নয়ন বোর্ডের বন্যানিয়ন্ত্রণ বাঁধ। বাঁধের পাশ দিয়ে লম্বাভাবে চলে গেছে সবুজ বন। বনের মধ্যে গরু-ছাগল চরাতে নিষেধ করা হলেও দেখা গেছে অনেক গরু-ছাগল সেখানে চরে বেড়াচ্ছে। কিছু দূর পরপর দেখা মেলে বনের মধ্যে গড়ে তোলা কয়েকটি মাছের ঘের। স্থানীয় প্রভাবশালীরা ওই বনের গাছ কেটে জমিগুলো এখনো নিজেদের দখলে রাখার পাঁয়তারা করছেন।
উত্তর বেদকাশী এলাকার বাসিন্দা আবদুর রহমান বলেন, গত বছরের তুলনায় এবার বনে পাখি নেই বললেই চলে। যা আছে, তাদেরও থাকতে দেন না শিকারিরা। স্থানীয় কিছু মানুষ বনের গাছ কেটে নিয়ে যান। কিছু বলতে গেলেই মারতে আসেন।
কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি বিদেশ রঞ্জন মৃধা বলেন, ‘কয়রায় অতিথি পাখি কমে যাওয়ার মূল কারণ হলো, লবণাক্ততা ও জনসচেতনতার অভাব। আমরা নিজ অবস্থান থেকেই পারি এসব বিষয়ে সবাইকে সচেতন করতে। একটু সচেতনতাই পারে আমাদের কয়রাকে আবার অতিথি পাখির কলকাকলিতে মুখর করে রাখতে।’