সাতক্ষীরার শ্যামনগর

৪ মাসেও সংস্কার হয়নি বাঁধ

১৪ জুলাই বাঁধ ভেঙে চারটি গ্রাম তলিয়ে যায়। ভাঙনে প্রায় তিন কিলোমিটার সড়ক নষ্ট হয়ে যায়।

ভেঙে যাওয়া রাস্তায় বাঁশের তৈরি সাঁকোতে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম দুর্গাবাটি রাধাগোবিন্দ মন্দিরসংলগ্ন এলাকায়
ছবি: প্রথম আলো

ভাঙনের চার মাস পরও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর পশ্চিম দুর্গাবাটি বেড়িবাঁধটি সংস্কার করা হয়নি। ভাঙনের কারণে প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে যান চলাচলের অনুপযুক্ত হয়ে যায়। চার মাস ধরে ওই সড়কে যান চলাচল বন্ধ আছে। বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে সুন্দরবন উপকূলঘেঁষা বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৪ গ্রামের প্রায় ৯ হাজার মানুষ।

১৪ জুলাই প্রবল জলোচ্ছ্বাসে খোলপেটুয়া নদীর পশ্চিম দুর্গাবাটি রাধাগোবিন্দ মন্দিরের পাশে ৩২০ ফুট বেড়িবাঁধ ভেঙে যায়। এতে বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি, পশ্চিম দুর্গাবাটি, আড়পাঙ্গাসিয়া, মাদিয়াসহ বেশ কয়েকটি গ্রাম তলিয়ে যায়। ভাঙনের পর সাত দিন ধরে ওই গ্রামগুলোতে জোয়ার–ভাটা চলতে থাকে। পানি নেমে যাওয়ার পর স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে বাঁশের সাঁকো বানিয়ে মানুষ চলাচল করছেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই চার গ্রামের মানুষকে কোথাও কাজে যেতে হলে ১৪টি বাঁশের সাঁকো পার হয়ে গন্তব্যে যেতে হয়। এলাকায় দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক ও একটি বালিকা বিদ্যালয় আছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন সাঁকো বেয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মাছচাষিরা।

রাস্তাগুলোর দশা সত্যিই অনেক বেহাল। ওই সব স্থানে শক্ত মাটি না পাওয়ায় রাস্তার কাজ থমকে আছে। রাস্তার দুই পাশের ঘের শুকিয়ে গেলে মাটি সংগ্রহ করে সংস্কারকাজ করা হবে।
নজরুল ইসলাম, চেয়ারম্যান, বুড়িগোয়ালিনী ইউপি

আড়পাঙ্গাসিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র জোয়াদ্দার বলেন, ১৪ জুলাই জলোচ্ছ্বাসে বেড়িবাঁধের রাস্তা ভেঙে যায়। এ জন্য ছাত্রছাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। অস্থায়ী ব্যবস্থা হিসেবে সাঁকো বানানো হলেও অনেকে ঠিকমতো বিদ্যালয়ে আসে না। দ্রুত বেড়িবাঁধ সংস্কার করে রাস্তা ঠিক করার দাবি জানান তিনি।

একই দাবি করেন তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামরঞ্জন বিশ্বাস। তিনি বলেন, তাঁদের বিদ্যালয়ের অনেক ছাত্রী সাঁকো থেকে পড়ে গিয়ে আহত হয়েছে। নির্ধারিত সময়ে অনেকে বিদ্যালয়ে পৌঁছাতে পারে না।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মুকুন্দ পাইক জানান, দীর্ঘদিন রাস্তা পানিতে ডুবে থাকায় রাস্তাগুলো বাইসাইকেল চালানোর অনুপযোগী হয়ে পড়েছে। নষ্ট হয়ে গেছে সুপেয় পানির পুকুর।

আড়পাঙ্গাসিয়া গ্রামের সুলেখা বিশ্বাস ও তুলসী রানী মণ্ডল বলেন, সুপেয় পানির পুকুর নষ্ট হয়ে যাওয়ায় কয়েকটি বাঁশের সাঁকো ডিঙিয়ে দুই কিলোমিটার দূরে গিয়ে খাওয়ার পানি আনতে হয়। এতে দিনের প্রায় অর্ধেক সময় চলে যায়। পুরুষেরা সকালে বাজারে গেলে বিকেলে ফেরেন। বাঁশের সাঁকোর কারণে অসুস্থ ও গর্ভবর্তী নারীদের দোলনা বা নৌকায় করে শ্যামনগর হাসপাতালে নিয়ে যেতে হয়। এতে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের।

বুড়িগোয়ালিনী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, রাস্তাগুলোর দশা সত্যিই অনেক বেহাল। ওই সব স্থানে শক্ত মাটি না পাওয়ায় রাস্তার কাজ থমকে আছে। রাস্তার দুই পাশের ঘের শুকিয়ে গেলে মাটি সংগ্রহ করে সংস্কারকাজ করা হবে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, ১৪ জুলাই দুর্গাবাটির বেড়িবাঁধটি ভেঙে বুড়িগোয়ালিনী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম তলিয়ে গিয়েছিল। এতে অনেক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। রাস্তা সংস্কারে আপাতত কিছু অর্থ বরাদ্দ করা হয়েছে। সেই অর্থ দিয়ে মেরামতের কাজ শুরু হবে। মাটি ভরাট করে প্রাথমিক কাজ শেষ হলে তারপর ইট বিছিয়ে দেওয়া হবে। পরে হয়তো সেখানে পিচঢালাইয়ের ব্যবস্থা হতে পারে।