জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল এক বিচারকের। আজ সোমবার সকালে
জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল এক বিচারকের। আজ সোমবার সকালে

জামালপুরে ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, রড ঢুকে বিচারকের মৃত্যু

জামালপুর সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় এক বিচারক নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার লাহিড়ীকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কারের চালক গুরুতর আহত হয়েছেন।

নিহত বিচারকের নাম এ কে এম সামিউল হক (২৭)। তিনি জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই এলাকার সাবেক সচিব এ কে এম ফজলুল হকের ছেলে।

আহত প্রাইভেট কারের চালকের নাম মো. ইদ্রিস আলী (৪৬)। তিনি ঢাকার ধানমন্ডি এলাকার দানেশ হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিচারক সামিউল হক গতকাল রোববার গভীর রাতে ঢাকার লালমাটিয়ার বাসা থেকে একটি প্রাইভেট কারে করে জামালপুরে আসছিলেন। জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা এলাকায় সড়কের পাশে রডবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। প্রাইভেট কারটি ট্রাকটির পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সামিউল হকের মৃত্যু হয়। আহত চালককে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোরে বিচারককে বহনকারী প্রাইভেট কারটি ট্রাকটির পেছনে গিয়ে ধাক্কা দেয়। এ সময় ট্রাকে থাকা রড প্রাইভেট কারের ভেতরে ঢুকে বিচারকের শরীরে বিদ্ধ হয়।
নাজমুস সাকিব, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ওই এলাকায় একটি ট্রাক বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ভোরে বিচারককে বহনকারী প্রাইভেট কারটি ট্রাকটির পেছনে গিয়ে ধাক্কা দেয়। এ সময় ট্রাকে থাকা রড প্রাইভেট কারের ভেতরে ঢুকে বিচারকের শরীরে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আহত প্রাইভেট কারের চালকের সঙ্গে কথা বলে ওসি জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি তিনি প্রথমে খেয়াল করেননি। পরে ট্রাকটি দেখতে পেলেও ততক্ষণে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়নি। ফলে সেটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা দেয়। নিহত ব্যক্তির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।