
গোপালগঞ্জের প্রধান সড়ক–মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি, বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। আজ রোববার সকাল থেকে গোপালগঞ্জ থেকে দূরপাল্লার ও আন্তজেলা বাস চলাচল বন্ধ আছে। এ ছাড়া শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় সড়কগুলো প্রায় জনশূন্য।
জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ, ব্যবসায়ীসহ জরুরি প্রয়োজনে বাইরে চলাচলকারীরা। আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে।
আজ সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, শহরের প্রধান সড়কগুলোতে যানবাহনের উপস্থিতি নেই বললেই চলে। শহরের ভেতরে অলিগলি দিয়ে দু-একটি রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলছে। বিভিন্ন স্থানে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়।
সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম ‘৭ মার্চ’ চত্বরে গিয়ে দেখা যায়, একটি গাছ কেটে মহাসড়কে ফেলে রাখা হয়েছে। এতে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫ থেকে ২০টি গাড়ির একটি টহল দল পুলিশ লাইনস থেকে বেদগ্রামের দিকে যাচ্ছিল। টহল দলটি ‘৭ মার্চ’ চত্বরে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাদের বাধা দেন। পরে গাড়িগুলো ‘৭ মার্চ’ চত্বর থেকে ঘুরে বাইপাস সড়ক দিয়ে পুলিশ লাইনসের দিকে চলে যায়।
একইভাবে ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুরের ফকিরকান্দ, হরিদাসপুর সেতু, নিমতলা মোড়, ডুমদিয়া বাসস্ট্যান্ড, সোনারসুর, বিজয়পাশা, পাইককান্দি, চন্দ্রদিঘলিয়া ও গোপীনাথপুর এলাকায় গাছের গুঁড়ি, বিদ্যুতের খুঁটি ও গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এ ছাড়া কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া, চাপতা, টুকুবাজার, লিটন বাজার, ভাটিয়াপাড়া মোড়, কাশিয়ানী, পোনা, মাঝিগাতিসহ বিভিন্ন স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।
অন্যদিকে গোপালগঞ্জ-বরিশাল সড়কের বেদগ্রাম, মাঝিগাতী, কাঠি, দত্তডাঙ্গা ও কাজুলিয়া এলাকায় সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার, পল্লী উন্নয়ন একাডেমির সামনে, ওয়ালারহাট, সিকির বাজার ও পয়সার হাট এলাকায়ও প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। মুকসুদপুর কলেজ মোড়, বড়ইতলা ও আশপাশের সড়কেও অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে সকাল থেকেই গোপালগঞ্জ শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ দেখা গেছে। সড়কে যান চলাচল বন্ধ এবং আগে থেকেই জেলায় ট্রেন চলাচল বন্ধ থাকায় কার্যত জেলার সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে আছে। এতে কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া ব্যক্তিরা ভোগান্তিতে পড়েছেন।
এদিকে সড়ক-মহাসড়কে অবরোধ এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষকে গন্তব্যে পৌঁছাতে বিকল্প পথ খুঁজতে হচ্ছে।
যান চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। আজ বেলা একটায় তাঁদের চূড়ান্ত পরীক্ষা থাকায় সকাল থেকেই তাঁদের পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হতে দেখা যায়। সড়কে যান চলাচল না করায় কেউ হেঁটে, কেউ রিকশায়, আবার কেউ পরিচিত মানুষের মোটরসাইকেলে কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেন।
গোপালগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফারদিন শিকদারের পরীক্ষাকেন্দ্র টুঙ্গিপাড়া সরকারি কলেজ। সকাল ১০টার দিকে তিনি শহরের মৌলভীপাড়ার বাসা থেকে বের হয়ে হেঁটে লঞ্চঘাটে যান। এরপর একটি রিকশায় এলজিইডি মোড়ের দিকে যাচ্ছিলেন। রিকশাটি পাচুরিয়া পৌঁছালে তাঁকে বাধা দেন বিক্ষোভকারীরা। পরে এক সাংবাদিকের মোটরসাইকেলে তিনি সদর হাসপাতাল পর্যন্ত যান। সেখান থেকে এক বন্ধুর সঙ্গে রিকশায় করে পরীক্ষাকেন্দ্রে যাবেন বলে জানান তিনি।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই শহর ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কারাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৫৬ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং দুই হাজারের বেশি পুলিশ সদস্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন।
রোববার বেলা দুইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
এ বিষয়ে কথা বলতে গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি ধরেননি। পরে পুলিশ সুপার কার্যালয়ে গিয়েও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।