
জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, ‘নতুন কোনো ফ্যাসিস্টকে আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ। জামায়াত ক্ষমতায় গেলে দলের সরকার হবে না, ১৮ কোটি জনতার সরকার হবে। তাই একটিবার সুযোগ দিন।’ ঢাকার দোহারে জয়পাড়া পাইলট স্কুল মাঠে নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে আজ সোমবার রাতে তিনি এ কথা বলেন।
জয়পাড়া পাইলট স্কুল মাঠে ঢাকা-১ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের জামায়াতের প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। রাত ৮টা ৪৫ মিনিটে জনসভার মঞ্চে আসেন শফিকুর রহমান।
জনসভায় শফিকুর রহমান বলেন, ‘দোহার কৃষি এলাকা। এখানে কৃষিশিল্প গড়ে তুলতে চাই। নজরুল ইসলামকে জেতালে মানুষের সব সমস্যা সমাধান করা হবে। কোনো কালো চিল এখানে চাঁদাবাজি ও দস্যুতা করতে পারবে না। মানুষ সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগছে। জামায়াত ক্ষমতায় গেলে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। নারীদের কোনো ভয়–শঙ্কা থাকবে না। ধর্মের বিভাজন করতে চাই না। বিভক্ত কোনো বাংলাদেশ আমরা গড়তে চাই না।’
শফিকুর রহমান আরও বলেন, ‘দোহার ও নবাবগঞ্জের অসংখ্য মানুষ বিদেশে থাকেন। প্রবাসীরা যাতে সেখানে মারা গেলে লাশ পড়ে না থাকে, সেই ব্যবস্থা নেওয়া হবে। সব ধর্মের মানুষের প্রতি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা হবে।’
জনসভায় দাঁড়িপাল্লার প্রার্থী নজরুল ইসলামকে হাত ধরে পরিচয় করিয়ে দেন জামায়াতের আমির। জনসভায় উপস্থিত যুবকদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ তরুণ–যুবকের বাংলাদেশ। দাঁড়িপাল্লার প্রার্থীকে তোমাদের হাতে তুলে দিয়ে গেলাম, তোমরাই তাঁকে বিজয়ী করবে।’
জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা জেলা সহকারী সেক্রেটারি জেনারেল এ বি এম কামাল হোসাইন। প্রধান বক্তা ছিলেন প্রার্থী নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইব্রাহিম খলিল।