২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্পানে বিদ্যালয়ের টিনশেড ঘরের চাল উড়ে যায়।
আড়াই বছর আগের ঘূর্ণিঝড়ের ক্ষত আজও রয়ে গেছে বিদ্যালয়টির ভবনে। আধা পাকা ভবনটির ছয়টি কক্ষের টিন উড়ে গিয়েছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ চারটি কক্ষ মেরামত করতে পেরেছে। আর্থিক কারণে বাকি দুইটি কক্ষ এখনো মেরামত হয়নি। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রায় ৪০০ শিক্ষার্থী কষ্ট করে পাঠ নিচ্ছে। এই অবস্থা ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার বৈঁচিতলা মাধ্যমিক বিদ্যালয়ের। বিদ্যালয়ে আধা পাকা ভবন ছাড়াও সরকারিভাবে তিন কক্ষের একটি ভবন রয়েছে।
মহেশপুর পৌরসভা এলাকার বৈঁচিতলা গ্রামে ৪ একর জমির ওপর ১৯৬৮ সালে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। মহেশপুর-বেগমপুর সড়কের ধার ঘেঁষে বৈঁচিতলা মাধ্যমিক বিদ্যালয়ের অবস্থান।
গত মঙ্গলবার গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের পাঠদান চলছে। বিদ্যালয়ের দক্ষিণ পাশের ছাদের ভবনটির তিনটি কক্ষের একটি শিক্ষক মিলনায়তন, বাকি দুইটিতে ক্লাস চলছে। আর উত্তর পাশের টিনশেড ভবনের ছয়টি কক্ষের তিনটিতে ক্লাস নেওয়া হচ্ছে। বাকি তিনটি কক্ষের একটিতে প্রধান শিক্ষক বসেন। অন্য দুটি কক্ষের ওপরে চাল নেই।
বিদ্যালয়ে বর্তমানে ৩৬৫ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক আছেন ১০ জন, আর কর্মচারী ১ জন। শিক্ষক ও কর্মচারী–সংকট রয়েছে প্রতিষ্ঠানটিতে। কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চলছে। শিক্ষক–সংকটের বিষয়টি এনটিআরসিএ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ায়েজ উদ্দিন বলেন, মহেশপুর পৌরসভা এলাকায় বালক-বালিকা মিলিয়ে পাঁচটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে বৈঁচিতলা একটি। প্রতিষ্ঠার পর থেকে কষ্ট করে ছেলে-মেয়েদের পাঠদান করে আসছেন। সব সময়ই শ্রেণিকক্ষসংকট ছিল। এই অবস্থায় ২০২০ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তিন কক্ষের একটি একতলা ভবন নির্মাণ করে। আর তাঁরা জোড়াতালি দিয়ে ছয়টি কক্ষের একটি টিনশেড ঘরে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছিলেন। ২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্পানে টিনশেডের ঘরের চাল উড়ে যায়। তিন লাখ টাকা খরচ করে চারটি কক্ষ মেরামত করে নিয়েছেন। শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা টাকা দিয়ে সহযোগিতা করেছেন। তাঁদের হাতে আর কোনো টাকা নেই। তাই বাকি দুইটি কক্ষ মেরামত করতে পারছেন না।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, তিনি অল্প দিন হলো সভাপতির দায়িত্ব নিয়েছেন। শ্রেণিকক্ষের দুরবস্থার বিষয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছেন। মূলত টাকা না থাকায় টিনের চাল মেরামত করা যাচ্ছে না। তবে তাঁরা চেষ্টা করে যাচ্ছেন, সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করছেন।
এ বিষয়ে মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল বলেন, তিনি অল্প দিন হলো এই উপজেলায় যোগদান করেছেন। আম্পানে বিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত ভবনের বিষয়টি তাঁর জানা নেই। তবে তিনি খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেবেন।