
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়া পাথুরে সৈকতে ভেসে এসে আটকে পড়ে একটি মা কচ্ছপ। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ছেঁড়াদিয়ার দক্ষিণ দিকের সৈকতে স্থানীয় লোকজনের নজরে আসে কচ্ছপটি। পরে কচ্ছপটি উদ্ধার করে পুনরায় সাগরের অবমুক্ত করা হয়।
সেন্ট মার্টিনের সৈকতকর্মী সুপারভাইজার জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘গতকাল বিকেলে আমরা কয়েকজন বন্ধু মিলে ছেঁড়াদিয়ায় ঘুরতে যাই। দ্বীপের দক্ষিণে যাওয়ার সময় কচ্ছপটিকে আটকে থাকতে দেখি। এর পায়ে আঘাতের চিহ্ন ছিল। পরে আমরা আঘাতের পরিচর্যা করে কচ্ছপটিকে সমুদ্রে ছেড়ে দিই। কচ্ছপটির ওজন ২৫ থেকে ৩০ কেজি হতে পারে। হয়তো ডিম ছাড়তে এসে সৈকতের পাথরে আটকে পড়েছিল।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক শাহ আলম জানান, না দেখে ঠিকভাবে বলা সম্ভব নয় এটা কোন প্রজাতির কচ্ছপ।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ছেঁড়াদিয়ার পাথুরে সৈকতে একটি মা কচ্ছপ আটকে পড়ার খবর দেন সৈকতকর্মী ও ইউপি চেয়ারম্যান। পরে সেটি উদ্ধার করে সাগরে অবমুক্ত করেছেন কর্মীরা।