মেহেরপুরে ছয়টি সোনার বারসহ দুজন আটক

সোনার বার
ফাইল ছবি

মেহেরপুরে চোরাচালানের উদ্দেশ্যে আনা ছয়টি সোনার বারসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে মেহেরপুর-কাথুলী সড়কের জোছনা বেকারি মোড় থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের মৃত আবদুল মান্নানের ছেলে মাসুদ রেজা (৪৪) এবং ঢাকার মগবাজারের শেখ আশরাফুল কবিরের স্ত্রী কানিজ ফাতিমা ওরফে লিপি (৩৮)।

সদর থানা-পুলিশ জানায়, ঢাকা থেকে বাসযোগে মাসুদ রানা ও কানিজ ফাতিমা সোনার বার নিয়ে আজ ভোরে মেহেরপুর পৌর শহরে পৌঁছান—গোপন মাধ্যমে এ সংবাদ পায় পুলিশ। ওই দুজন একটি রিকশা ভাড়া করে সীমান্ত এলাকায় যাচ্ছিলেন। তাঁদের রিকশাটি জোছনা বেকারি মোড়ে পৌঁছালে সেখানে টহলরত পুলিশ তাঁদের তল্লাশি করে। এ সময় জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তাঁদের কাছে সোনার বার আছে। কানিজ ফাতিমা নিজের শরীরে বিশেষ কায়দায় কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছয়টি সোনার বার লুকিয়ে রেখেছিলেন। এসব জব্দ করেন নারী পুলিশ সদস্য। ৬টি সোনার বারের বাজারমূল্য ৬০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে মেহেরপুরে আনা হয়। এই সোনা চোরাচালানের সঙ্গে স্থানীয় আর যাঁরা জড়িত, তাঁদের খুঁজছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুরো চোরাচালান চক্রের হদিস পাওয়া যাবে।