
ঝিনাইদহে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম (৫৬) শৈলকুপা উপজেলার মহব্বতপুর গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ শহরে ব্র্যাক ব্যাংকে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী বলেন, আজ সকালে চাকরির দায়িত্বপালন শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। এ সময় তিনি ক্যাডেট কলেজের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। তিনি রাস্তার ধারে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বাসটিকে পুলিশ আটক করতে পারেনি।
এদিকে রফিকুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পরিবারের লোকজন। তাঁদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ বলছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।