সাফা-মিরুখালী সড়ক

জোয়ারের পানিতে ভাঙন

ইঁদুর ধানখেতের পাশে সড়কে গর্ত করে থাকে। জোয়ারের পানির চাপ বেড়ে গেলে সড়ক ভেঙে যায়।

জোয়ারের পানিতে সড়ক ভেঙে গেছে। গত শনিবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ডিলারবাড়ির সামনে
ছবি: প্রথম আলো

সড়কটির পাঁচটি স্থান জোয়ারের পানিতে ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় উদ্যোগে সড়কের এক পাশে মাটি দিয়ে ভরাট করা হয়েছে। কোনোরকমে যানবাহন চলাচল করছে। তবে এলাকার লোকজনের ভোগান্তি অব্যাহত আছে। এই পরিস্থিতি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা-মিরুখালী সড়কে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাফা ইউনিয়নের আলগী থেকে মিরুখালী বাজার পর্যন্ত তিন কিলোমিটার সড়কটি দুই দশক আগে পাকা করা হয়। এটি সাফা-মিরুখালী-আমুয়া সড়ক নামে পরিচিত। বাদুরা বাজার থেকে মিরুখালী বাজার পর্যন্ত সড়কের দক্ষিণ পাশে রয়েছে ভুতা খাল। উত্তর পাশে রয়েছে ধানখেত ও কিছু বসতবাড়ি। প্রতিবছর আমন ও বোরো মৌসুমে খেতের পাকা ধান খাওয়ার জন্য ইঁদুরের উৎপাত বেড়ে যায়। তখন ইঁদুর ধানখেতের পাশে সড়কে গর্ত করে থাকে। এতে সড়কের মধ্যে অসংখ্য গর্ত সৃষ্টি হয়। জোয়ারের পানির চাপ বেড়ে গেলে পানি ইঁদুরের গর্ত দিয়ে বের হয়। এ সময় পানির চাপে গর্তগুলো বড় হয়ে সড়ক ভেঙে যায়। প্রতিবছর দুই থেকে তিনবার সড়কটিতে জোয়ারের পানির চাপে ভাঙন দেখা দেয়। সম্প্রতি পূর্ণিমা ও বৈরী আবহাওয়ার কারণে নদী ও খালের জোয়ারের পানি বৃদ্ধি পায়। এ সময় সড়কটির পাঁচ স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়।

গত শনিবার দুপুরে গিয়ে দেখা যায়, সড়কের বাদুরা গ্রামের করিমের পোল এলাকায় সড়কের মধ্যে বড় একটি গর্ত হয়েছে। গর্তের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করছে। এর কিছু সামনে গিয়ে আর দুটি গর্ত দেখা যায়। এরপর মিরুখালী কলেজের সামনে একটি বড় গর্ত হয়েছে। সেখানে থেকে কয়েক শ মিটার পর ওহেদাবাদ গ্রামের ডিলারবাড়ির সামনে আরও একটি বড় গর্ত দেখা যায়। ডিলারবাড়ির সামনের গর্তটি দিয়ে জোয়ারের পানি চলাচল করায় নালার সৃষ্টি হয়েছে। যানবাহনের চালকেরা নালার এক পাশে মাটির বাঁধ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করেছেন।

বাদুরা গ্রামের ইজিবাইকের চালক দুলাল খান বলেন, খালের পশ্চিম প্রান্তে বাঁধ দেওয়া রয়েছে। এ কারণে জোয়ারের পানি সড়ক উপচে খেতে গিয়ে পড়ে। খেতের পানি অপসারণের ব্যবস্থা করা হলেও খালের বাঁধ কেটে দিলে পানির চাপ কমে যাবে। এতে সড়কটি বারবার ভাঙনের কবল থেকে রক্ষা পাবে।

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার বলেন, ‘ভুতা খালসহ আশপাশের কয়েকটি খালে বাঁধ দেওয়ায় বিষখালী নদীর অতি জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় সড়কটি ডুবে যায়। তখন আমাদের পানি ভেঙে চলাচল করতে হয়।’

মিরুখালী কলেজের প্রভাষক তৌহিদুল ইসলাম বলেন, এ সমস্যা সমাধানের জন্য খালের অপরিকল্পিত বাঁধ অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে।

সওজের পিরোজপুরের উপসহকারী প্রকৌশলী শামীম আহসান বলেন, সম্প্রতি জোয়ারের পানিতে সড়কটিতে কয়েকটি গর্ত হয়েছে। দ্রুত সেগুলো মেরামত করা হবে।