টাকা ফেরত দিয়ে ছেলেসন্তান ফিরিয়ে নিলেন মা

শিশু
প্রতীকী ছবি

প্রেম করে রেজিস্ট্রি ছাড়াই বিয়ে করেন এক নারী (২৬)। বিয়ের পর তাঁর স্বামী পাড়ি জমান বিদেশে। এরই মধ্যে গর্ভের সন্তান নিয়ে বিপাকে পড়েন। অভাব-অনটনের মধ্যে গর্ভের সন্তানের জন্ম হয়। জীবিকার তাগিদে দেড় মাস বয়সী ওই ছেলেসন্তানকে গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরের শ্রীপুরে নিঃসন্তান দম্পতির কাছে ৪২ হাজার টাকায় বিক্রি করেন। পরে পুলিশি হস্তক্ষেপে গতকাল বিকেলে টাকা ফেরত দিয়ে সন্তানকে ফিরিয়ে নেন ওই মা।

ওই মায়ের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রামে। তবে তিনি শ্রীপুরে ভাড়া বাসায় থাকেন। শ্রীপুরের মো. তুহিন মিয়া নামের একজনকে দেড় বছর আগে ভালোবেসে বিয়ে করেন। নড়াইলের এক নিঃসন্তান দম্পতির কাছে ৪২ হাজার টাকায় ছেলেসন্তানকে বিক্রি করেছিলেন ওই নারী।

এ বিষয়ে আজ বুধবার ওই নারীর সঙ্গে মুঠোফোনে প্রথম আলোর এ প্রতিনিধির কথা হয়। ওই নারী বলেন, কতটুকু খারাপ পরিস্থিতিতে থাকলে এক মা তাঁর সন্তানকে অন্য একজনকে দিয়ে দিতে পারেন। তাঁর পাশে দাঁড়ানোর কেউ নেই। সন্তানকে ভালো রাখতে পারছিলেন না। ভেবেছিলেন তাঁদের কাছে থাকলে সন্তান ভালো জীবন পাবে। তাই বাধ্য হয়ে টাকার বিনিময়ে সন্তানকে তাঁদের কাছে দিয়েছিলেন।

ওই নারী বলেন, তুহিন নামের একজনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। দেড় বছর আগে কোনো রেজিস্ট্রি ছাড়াই একজন মৌলভির মাধ্যমে তাঁরা বিয়ে করেন। পরে জানতে পারেন স্বামীর সংসারে আরও এক স্ত্রী আছে। স্বামী তাঁকে বাড়িতে তুলে নিতে রাজি হননি। শ্রীপুরে একটি ভাড়া বাসায় রেখে ভরণপোষণের দিচ্ছিলেন তাঁর স্বামী। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরই মধ্যে হঠাৎ তাঁর স্বামী তাঁকে ফেলে বিদেশে পাড়ি জমান। দেড় মাস আগে তিনি সন্তান প্রসব করেন। স্বামীকে পাশে না পেয়ে সন্তান নিয়ে তিনি পড়েন বিপাকে। ওই নারী আরও বলেন, অভাব–অনটনের কারণে একপর্যায়ে তিনি ৪২ হাজার টাকায় তাঁর ছেলেসন্তানকে অন্য দম্পতির কাছে বিক্রি করতে বাধ্য হন। বিষয়টি জানাজানি হওয়ায় তাঁর বাড়িতে পুলিশ হাজির হয়। পুলিশ সন্তান হস্তান্তর প্রক্রিয়াকে আইনগতভাবে করার পরামর্শ দেয়। পরে তিনি সেটা না করে টাকা ফেরত দিয়ে সন্তানকে ফিরিয়ে নেন।

বিয়ে ও স্বামী প্রসঙ্গে ওই নারী বলেন, বিয়ের কোনো প্রমাণপত্র না থাকায় স্বামীর বাড়িতে তাঁকে গ্রহণ করা হচ্ছে না। স্বামী বিদেশে চলে গিয়ে প্রথম দেড় মাস ফোনে যোগাযোগ করলেও এর পর থেকে আর কোনো যোগাযোগ রাখছেন না।

শ্রীপুরের স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য তারেক হাসান প্রথম আলোকে বলেন, ওই মা ৪২ হাজার টাকা নিয়ে সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন। খবর পেয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান সেখানে আসেন। পরে টাকা ফেরত দিয়ে তিনি সন্তান ফেরত নিয়েছেন।

এসআই আবু রায়হান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন একটি স্ট্যাম্পের মাধ্যমে সন্তানকে হস্তান্তর করা হয়েছে। অথচ বিষয়টি আদালতের মাধ্যমে হওয়া আইনসিদ্ধ। উভয় পক্ষকে আইনি বিষয়টি বুঝিয়ে বলার পর ওই মা টাকা ফেরত দিয়ে সন্তানকে ফিরিয়ে নিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিকে মায়ের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। কেননা ওই মাকে স্বনির্ভর করতে পারলে তিনি সন্তানকে নিজের কাছেই রাখতে পারবেন।