
মাদারীপুরের রাজৈরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সানেরপাড় এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন পলাশ মাতব্বর (৩০) ও আফরোজা আক্তার (২৫)। তাঁদের বাড়ি উপজেলার মোল্লাদি এলাকায়। এ সময় এক নারী পথচারী আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড-সংলগ্ন সানেরপাড় এলাকায় এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা গ্রিন লাইন পরিবহনের বাসটি তাঁকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলে থাকা দুজন আরোহী ও একজন পথচারী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পলাশ মাতব্বর ও আফরোজা আক্তারকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী হারুণ শেখ প্রথম আলোকে বলেন, বাসটি ঠিকমতোই চলছিল। হঠাৎ এক নারী পথচারী রাস্তা পার হতে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ওপর উঠিয়ে দেয়। ওই পথচারীর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
জানতে চাইলে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, বাসটি জব্দ করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।